বাংলাদেশ

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫

দেশে একদিনে করোনায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৭৪৬ জন। করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬৯৫ জন । এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত ৫৫ হাজার ১৪০ জন। আর সুস্থ হয়েছেন ৪৭০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

বুধবার (৩ জুন) দুপুরে, করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ এবং নয় জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৭৪৬ জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির জন্য নির্দিষ্ট কবরস্থানের প্রয়োজন নেই বলে জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বলেন, মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন ও সৎকার করা যায়। নিয়মানুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে মনোনীত কবরস্থান কিংবা পারিবারিক কবরস্থানে দাফন করা যায়। শুধু করোনা আক্রান্ত হিসেবে নির্দিষ্ট কবরস্থানে দাফনের কোনও প্রয়োজন নেই। পারিবারিক কবরস্থানেও মৃতদেহ দাফন করা যাবে।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। মৃতদের সৎকারে ৩-৪ ঘণ্টা লেগেই যায়। ৩ ঘণ্টা পর এই ভাইরাসের কর্মক্ষমতা থাকে না মৃতদেহে। এজন্য ছড়ানোর কোনও আশঙ্কা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button