বাংলাদেশ

করোনাকালে সরকার ও আ.লীগ ছাড়া মানুষের পাশে কেউ ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ দেশে গরিব মানুষের সেবা করার জন্য অনেক লোক, অনেক প্রতিষ্ঠান; কিন্তু করোনাকালীন দেশের এই খেটে খাওয়া মানুষের পাশে সরকার এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না।’

দলের কার্যনির্বাহী সংসদের শনিবারের (৩ অক্টোবর) বৈঠকে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে এখন অনেক ভালো ভালো মিডিয়া আছে। যে যার মতো আপন মনের মাধুরি মিশিয়ে বলেই যাচ্ছে, কিন্তু তাদের মাঠে মানুষের পাশে দেখা যায়নি। তারা কেউ আবার বিচার করে; আওয়ামী লীগ কতটুকু করলো, কতটুকু করলো না, কিন্তু তারা আয়নাতে নিজেদের চেহারা দেখে না।

তিনি বলেন,এই বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়। আমরা যেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।’

বলেন, ‘আমরা মানুষের পাশে আছি, থাকবো। আমি দেশবাসীকে এইটুকু বলতে চাই যে, জনগণের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং সেটা এবারও এই দুর্যোগ করোনা মহামারির সময় প্রমাণ হয়েছে। এই অবস্থায় যেখানে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমেছে, অনেকে তো মাইনাসে চলে গেছে, তারপরও আমরা কিন্তু ৫ দশমিক ৬ এর কাছাকাছি অর্জন করতে পেরেছি। হয়তো আমরা আরও বেশি করতে পারবো। অর্থাৎ একদিকে দুর্যোগ মোকাবিলা, অপরদিকে আমাদের দেশের অর্থনীতি সচল করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদের উন্নত জীবন দেওয়া—এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

সরকার প্রধান বলেন, ‘নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং ভূমিহীন, যারা নিঃস্ব হয়ে গেছে তাদের সাহায্য করার জন্য আমরা বাজেটে আলাদা বরাদ্দ রেখেছি। মুজিববর্ষে আমাদের ঘোষণা, গৃহহীন-ভূমিহীন মানুষের আমরা ঘরবাড়ি তৈরি করে দেবো। বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপকভাবে চলছে। সরকারের পক্ষ থেকেও আমরা একই কর্মসূচি নিয়েছি। বৃক্ষরোপণ করা, সুবজ বেষ্টনী করা, প্রকৃতি রক্ষা করা—সেটাও আমরা করে যাচ্ছি।’

উপস্থিত নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মাঠ পর্যায়ের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন। জনগণের জন্যই আওয়ামী লীগ সব সময় কাজ করে। তিনি বলেন, ‘করোনার কারণে সাংগঠনিক কার্যক্রম খুব বেশি চালাতে না পারলেও সাংগঠনিক কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে। যেসব জায়গায় সম্মেলন হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ কমিটি করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সাংগঠনিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবিলার সময় তারা যখন মাঠে নেমেছে, তখনি সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমাদের প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এই যে এতো বড় স্যাক্রিফাইস, বোধ হয় আর কোনও দল করেনি।’

Related Articles

Leave a Reply

Back to top button