এবার লাতিন আমেরিকায় ওমিক্রন শনাক্ত

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হলো। দেশটিতে দুজনের শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলো শহরে যান। বিমানবন্দরে নামার সময় তাদের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। ব্রাজিল থেকে ফেরার আগে দুজনের আবার করোনা পরীক্ষা করা হয়। এ সময় তাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।
সাও পাওলোর স্বাস্থ্য সচিব জেন গোরিঞ্চটাইন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, ব্রাজিলে ওমিক্রনে আক্রান্ত দুজন মিশনারি। তারা আগে করোনার টিকা নিয়েছিলেন কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় ওমিক্রন। এরপর তা বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ডেল্টাসহ করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা, নতুন এ ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।



