এবার ওম-মিমির সাত পাকে বাঁধার পালা

আগামী ৩ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন বড়পর্দার অভিনেতা ওম সাহানি ও ছোটপর্দার অভিনেত্রী মিমি দত্ত।
বছরের প্রথম দিনেই সবাইকে চমকে দিয়ে আইনি বিয়ের ঘোষণা দিয়েছিলেন তারা। গোটা জানুয়ারি মাস আইবুড়ো ভাত খেয়েছেন এই তারকা জুটি। সেই ঝলকও উঠে এসেছে দুজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।
এ বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে ওম লিখেছিলেন, ‘২০২০ সালে হাজারো মানসিক চাপ, উত্তেজনার মধ্যে কিছু পজিটিভ খবর রয়েছে। আর এটাই প্রমাণ করে যে ভালোবাসা বাতিল হয়ে যায়নি। ২০২১-এ আরো অ্যাডভেঞ্চারের অপেক্ষায় উল্লাস। মিস্টার ও মিসেস সাহানি। ’
ওম সাহানি ও মিমি দত্তের পরিচয়টা হয়েছিল ২০১১ সালে। ‘আলোর বাসা’ নামে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। তখন থেকেই তাদের একে অপরের প্রতি ভালোলাগা ছিল। পরে অবশ্য বহুদিন তাদের যোগাযোগ ছিল না। এর ছয় বছর পর ২০১৭ সালে আবারও তাদের দেখা হয়। তার পরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।



