বাংলাদেশ

আজ শিশু শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধন

শিশু-কিশোরদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ১২ থেকে ১৭ বছর বয়সীদের দিয়ে পরীক্ষামূলকভাবে এ টিকা কার্যক্রম শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ফেসবুক লাইভে এসে এ কথা বলেন।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, শিশুদের টিকাদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জকে পরীক্ষামূলকভাবে টিকাদান কর্মসূচির স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে।’

‘ওই দুটি সরকারি স্কুলে যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত হবেন’, যোগ করেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

Related Articles

Leave a Reply

Back to top button