বাংলাদেশ

সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র বিগত দুই বছর কারাগারেই ঈদ কেটেছে। ফলে কোনও ঈদে দলের নেতারা নেত্রীর সঙ্গে কারাগারে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন, আবার কোনোবার হয়তো কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দেখা করা সম্ভব হয়নি।

সবশেষ গেল বছর কোরবানির ঈদে বেগম জিয়া কারাবন্দি থাকায় কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দলীয় নেত্রীর সঙ্গে দেখা হয়নি শীর্ষ নেতাদের। কিন্তু এ বছর বেগম জিয়া গুলশানের বাসাতেই ঈদ করছেন। কিন্তু তারপরও বর্তমান করোনা পরিস্থিতিতে নেত্রীর সঙ্গে ঈদের দিন দেখা হচ্ছে কি হচ্ছে না, শুভেচ্ছা বিনিময় হচ্ছে কি হচ্ছে না- তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

তবে শেষ পর্যন্ত দলটির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সোমবার সন্ধ্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার (২৫ মে) ঈদের দিন সন্ধ্যা ৭টায় গুলশানের বাসাভবন ফিরোজায় যাবেন নেতারা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। সেখানেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময় হবে।

Related Articles

Leave a Reply

Back to top button