➤ দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে তিন দফা প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভার মুলতবি অংশের বিরতিতে বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের এ তথ্য জানান। 

সর্বশেষ বা তৃতীয় দফার প্রস্তাবে মালিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা মজুরির দাবি জানিয়েছে। ফলে সর্বনিম্ন গ্রেডেই দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান রয়ে গেছে ৬ হাজার ৩০০ টাকা। উভয় পক্ষই এই প্রস্তাবে অসন্তুষ্ট থাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে বোর্ডের আলোচনা অব্যাহত রাখা হয়েছে।

মজুরি বোর্ডের পরিসংখ্যান ও তিন দফা দর-কষাকষির চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, উভয় পক্ষই তাদের প্রাথমিক অবস্থান থেকে কিছুটা সরে এলেও কাঙ্ক্ষিত দূরত্ব এখনো কমেনি। প্রথম দফার প্রস্তাবে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৪৮ হাজার, গ্রেড-২-এ ৪৩ হাজার, গ্রেড-৩-এ ৩৮ হাজার এবং সর্বনিম্ন গ্রেড-৪-এ ৩২ হাজার টাকা মজুরির দাবি তুলেছিল

বিপরীতে মালিকপক্ষ প্রথম দফায় গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত যথাক্রমে ১৭ হাজার ৮৫০, ১৬ হাজার ৯৫০, ১৬ হাজার ১১০ এবং ১৫ হাজার টাকা প্রস্তাব করে। সে সময় সর্বনিম্ন গ্রেডে দুই পক্ষের ব্যবধান ছিল ১৭ হাজার টাকা। প্রথম প্রস্তাবে সমঝোতা না হওয়ায় দ্বিতীয় দফায় শ্রমিকপক্ষ দাবি কমিয়ে গ্রেড-১-এ ৪০ হাজার, গ্রেড-২-এ ৩৫ হাজার, গ্রেড-৩-এ ৩০ হাজার এবং গ্রেড-৪-এ ২৫ হাজার টাকা প্রস্তাব দেয়। 

অন্যদিকে মালিকপক্ষ সামান্য বাড়িয়ে গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত যথাক্রমে ১৮ হাজার ১৫০, ১৭ হাজার ২৫০, ১৬ হাজার ৬৫০ এবং ১৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করে, যেখানে সর্বনিম্ন গ্রেডে ব্যবধান কমে দাঁড়ায় ৯ হাজার ৫০০ টাকায়।

আর কতদিন লাগবে শ্রমিক-মালিকের সমঝোতা...?
দ্বিতীয় দফাতেও অচলাবস্থা না কাটায় তৃতীয় দফায় নতুন প্রস্তাব দেয় দুই পক্ষ। এ পর্যায়ে শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়। বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে। 

পরিসংখ্যান অনুযায়ী, তিন দফা আলোচনায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে তাদের প্রাথমিক দাবি থেকে ১০ হাজার টাকা কমিয়েছে, আর মালিকপক্ষ বাড়িয়েছে মাত্র ৭০০ টাকা।

উল্লেখ্য, এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে রাত আটটা পর্যন্ত টানা বৈঠক করেও একমত হতে না পারায় সভা মুলতবি করা হয়েছিল, যা মঙ্গলবার বেলা তিনটার আগে পুনরায় শুরু হয়।

পোশাক খাতের এই মজুরি নির্ধারণ প্রক্রিয়ায় বেশ কিছু গভীর অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যা স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাড়িভাড়া এবং চিকিৎসা ও শিক্ষা ব্যয় বৃদ্ধির ফলে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। 

শ্রমিক সংগঠনগুলোর মতে, বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি না রেখে মজুরি নির্ধারণ করলে শ্রমিক অসন্তোষের ঝুঁকি থেকে যায়। অন্যদিকে মালিকপক্ষের দাবি, বৈশ্বিক বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়া, ক্রয়াদেশের মূল্য হ্রাস, জ্বালানি ও ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তাদের পক্ষে এর চেয়ে বেশি মজুরি দেওয়া সক্ষমতার বাইরে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো বাড়তি মজুরির চাপ সামলাতে না পেরে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।

তবে এই টানাপোড়েনের মধ্যেও একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ সমাধানের সম্ভাবনা রয়েছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, উভয় পক্ষই আলোচনার টেবিলে রয়েছে এবং আজকের মধ্যেই মজুরি চূড়ান্ত করার চেষ্টা চলছে। 

অর্থনীতিবিদ ও শ্রম বিশেষজ্ঞদের মতে, শ্রমিকদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে মূল্যস্ফীতির হিসাব এবং কারখানার উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতার মধ্যে একটি যৌক্তিক সমন্বয় প্রয়োজন। 

পাশাপাশি সরকারি নীতিসহায়তা, রপ্তানি প্রণোদনা এবং কারখানার অভ্যন্তরীণ অপচয় কমিয়ে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, রেশনিং সুবিধা ও আবাসন সহায়তা নিশ্চিত করা গেলে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান এই খাতকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। ◉ 

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ২৪ নভেম্বর ২০২৬