দেশের জনস্বাস্থ্য খাতে ডেঙ্গু ও হামের সংক্রমণ ও মৃত্যুর চিত্র এখনও অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন।

ডেঙ্গুর প্রকোপ ও হাসপাতালে ভর্তির চিত্র
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৮৭২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন রোগী।

হাম ও ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ...
হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যু
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর না মিললেও, হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে, যার ফলে এ বছর এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হলো। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ও হাম—উভয় রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো অত্যন্ত জরুরি।

নিউজ নাউ বাংলা/ এমআরকে/ জেডআরসি/ ১৭ অক্টোবর ২০২৬