➤ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।
অফিস আদেশে বলা হয়, আগামী ১৮ নভেম্বর-এর মধ্যে জেলা থেকে ছাড়পত্র না নিলে পরদিন ১৯ নভেম্বর থেকে তিনি স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে থানায় বাগবিতণ্ডায় জড়িয়ে দেশব্যাপী আলোচনায় আসে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূইয়া।
গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান সংসদ সদস্য রুমিন ফারহানা।
এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ করেন। এ নিয়ে রুমিন ফারহানা ও ওসির মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে ঘুস নেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। এ সময় ওসি মনজুর কাদের দাবি করেছিলেন আওয়ামী লীগের নেতাদের না ধরতে চাপ দিচ্ছিলেন রুমিন ফারহানা।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। পরে পুলিশ সুপার বরাবর রুমিন ফারহানা ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অবশেষে বুধবার তাকে বদলি করা হলো।
বদলির আদেশ জারির পরপর ওসি স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেন বিষয়টি গুজব ও অসত্য। তবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তার বদলির আদেশ আমরা পেয়েছি।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে যোগদান করেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তবে তার বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনও জানা যায়নি। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ১২ নভেম্বর ২০২৬