ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ও শুক্রবার (১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রির সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। 

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এই কর্মসূচি ঘোষণা করেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এই দুই দিন দেশের কোথাও এলপিজি বিক্রির কোনো দোকান খোলা থাকবে না।   

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান জানান, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই বা সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এসব হয়রানির প্রতিবাদেই আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ রাখা হবে।

সিলিন্ডার গ্যাস ইস্যুতে সরকার ও ব্যবসায়ী মুখোমুখি: কে যে কাকে জিম্মি করছে বুঝা দায়!
এ সময় এলপি গ্যাস ব্যবসায়ীদের যেসব দাবি-দাওয়া রয়েছে, তা দ্রুত মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।   

সর্বশেষ গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধি করা হয়েছিল।  নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

তবে বাজারে সরকার নির্ধারিত এই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে দীর্ঘদিন ধরে জোরালো অভিযোগ রয়েছে। এমতাবস্থায় ব্যবসায়ীদের এই দুই দিনের আকস্মিক ধর্মঘট ও দোকান বন্ধ রাখার ঘোষণায় সাধারণ ভোক্তাদের মধ্যে তীব্র ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। 

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১২ অক্টোবর ২০২৬