পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে জানানো হয়েছে তীব্র নিন্দাও। 

সংগঠনটির নেতারা বলেছেন, ‘সাংবাদিকের ওপর হামলা শুধু একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর আঘাত।’ গতকাল মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক বিবৃতিতে বলা হয় এসব কথা।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বিশেষভাবে উল্লেখ করে সংগঠনটি বলছে, গত ৪ অক্টোবরের ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই সময় সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন।

‘সম্পাদক পরিষদ মনে করে, কোনো সংবাদ, মতামত বা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ড নিয়ে মতবিরোধ থাকলেও হামলা, হুমকি বা পেশাগত কাজে বাধা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। ভয়, হুমকি ও সহিংস পরিবেশে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়’— বলা হয় বিবৃতিতে।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, তদন্ত অবশ্যই নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক হতে হবে। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

রাবিতে হামলায় তদন্ত ও বিচার চাইল সিপিজে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। মঙ্গলবার (০৬ অক্টোবর ) সিপিজে এশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে প্রাধ্যক্ষকে অব্যাহতি: রাবিতে গত ৪ অক্টোবর রাতে ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনায় সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে হামলার ঘটনা তদন্তে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

নিউজ নাউ বাংলা/ এমআরকে/ জেডআরসি/ ০৭ অক্টোবর ২০২৬