➤ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।  

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

এর আগে, রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এর পরপরই রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মামলাটি নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পেয়ে মামলা করার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এরইমধ্যে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ এবং তাকে নজরদারিতে রাখা হয়েছিল।  মামলার এজাহারের বরাত দিয়ে সিএমপির এক পুলিশ কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তাকে মামলার অভিযোগের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওই বার্তায় লেখা ছিল, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এ দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’


এজাহারে এ ধরনের আরও কিছু কথোপকথনের উল্লেখ রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি তদন্ত করবে পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট। তদন্তে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যোগাযোগ এবং পুলিশের গোপনীয় তথ্য পাচারের অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হবে।

জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ◉ 

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৫ নভেম্বর ২০২৬