স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক লুটের মালামাল উদ্ধার
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় রাতের আঁধারে ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, রাড্ডার প্রায় ১০ কাঠা জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই সংসদীয় আসনে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিও বিরোধের বিষয়টি স্বীকার করেছেন।
ওসি প্রত্যাহার
রাজধানী মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
প্রত্যাহারের পর ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর বিকেলে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হলো।
আদেশে জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানার অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করে তাঁর নতুন কর্মস্থল হিসেবে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল। স্বাস্থ্যকেন্দ্রটি থেকে এক কিলোমিটার দূরে শাহ আলী থানা অবস্থিত। বৃহস্পতিবার রাতে হামলার বিষয়ে পুলিশ জানতেন বলে অভিযোগ রয়েছে এবং পুলিশের উপস্থিতিতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
নিউজ নাউ বাংলা/ এমআরকে/ জেডআরসি/ ২৭ সেপ্টেম্বর ২০২৬