বিশ্বজুড়ে নীরব মহামারি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬: দ্রুত শনাক্তকরণ ও জীবনযাত্রার পরিবর্তনে রোধ সম্ভব নীরব ঘাতক

দেশে লাফিয়ে বাড়ছে ডায়াবেটিস রোগী: অসচেতনতা ও অস্বাস্থ্যকর জীবনযাত্রায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

➤ প্রতিদিনের দীর্ঘ হাঁটার অভ্যাস থাকায় কিংবা শরীরে অন্য কোনো বড় লক্ষণ না থাকায় অনেক মানুষই ডায়াবেটিসের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত মনে করেন। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশই জানেন না যে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। অর্থাৎ সামগ্রিকভাবে প্রায় ৭০ শতাংশ মানুষই জানেন না যে তারা এই দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে প্রকাশিত তথ্য ও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে ডায়াবেটিস। অথচ রোগ সম্পর্কে জনসচেতনতার অভাব এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করানোর সংস্কৃতি এই স্বাস্থ্য সংকটকে আরও ঘনীভূত করছে।

দেশজুড়ে ডায়াবেটিসের ব্যাপক বিস্তার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে কিংবা শরীর উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে না পারলে ডায়াবেটিস দেখা দেয়। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

বিডিএইচএস-২০২২ এর তথ্য বলছে, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের ১৭ শতাংশ এবং পুরুষদের ১৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত, যা ২০১৭-১৮ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এছাড়া বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০১৪-১৫ অর্থবছরের ৩০ লাখ ৬১ হাজার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৬৯ লাখ ৩৭ হাজারে দাঁড়িয়েছে—অর্থাৎ এক দশকে এই সংখ্যা বেড়েছে ১২৭ শতাংশ।

জীবন-যাপনে পরিবর্তনই বাঁচাতে পারে
বৃদ্ধি ও বিস্তারের পেছনের কারণসমূহ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শারমিন জাহান জানান, আধুনিক জীবনযাপনের ধরন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, দ্রুত নগরায়ণ এবং বংশগত প্রবণতাই ডায়াবেটিস ছড়িয়ে পড়ার প্রধান কারণ। দক্ষিণ এশীয়দের মধ্যে জিনগতভাবে ডায়াবেটিসের ঝুঁকি এমনিতেই বেশি থাকে।

শহর ও গ্রামের ব্যবধানও দিন দিন কমে আসছে। জরিপ অনুযায়ী, শহরাঞ্চলের নারীদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ ২৪ শতাংশ এবং পুরুষদের ২১ শতাংশ, যেখানে গ্রামাঞ্চলে এই হার যথাক্রমে ১৪ ও ১৩ শতাংশ। 

তবে গ্রামীণ জনপদেও প্রযুক্তির ব্যবহার ও মোটরচালিত যানবাহনের ওপর নির্ভরশীলতা বাড়ায় মানুষের হাঁটার অভ্যাস কমেছে এবং ডায়াবেটিসের হার দ্রুত বাড়ছে। এর পাশাপাশি সর্বোচ্চ সম্পদশালী শ্রেণিতে ডায়াবেটিসের হার ২৫ থেকে ২৬ শতাংশ হলেও সর্বনিম্ন সম্পদে তা ১০ থেকে ১১ শতাংশে সীমাবদ্ধ।

চিকিৎসায় অবহেলা ও ভয়াবহ পরিণতি

ডায়াবেটিসে আক্রান্তদের বড় একটি অংশ রোগ জানার পরও নিয়ম মেনে চলেন না। বিডিএইচএস-২০২২ অনুযায়ী, মাত্র ৬ শতাংশ নারী ও ৫ শতাংশ পুরুষ রোগী জানেন যে তারা ডায়াবেটিসে আক্রান্ত, নিয়মিত ওষুধ সেবন করেন এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। সচেতনতার অভাবে জটিলতা গুরুতর না হওয়া পর্যন্ত রোগীরা চিকিৎসকের কাছে যান না।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই দ্রুত রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। বংশে ডায়াবেটিসের ইতিহাস থাকলে অল্প বয়স থেকেই সুষম খাদ্যগ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রায় ৫৮ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ বা এর সূচনা বিলম্বিত করা সম্ভব।

সরকারি উদ্যোগ ও প্রস্তুতি

ডায়াবেটিস রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার’ চালু করা হয়েছে, যেখান থেকে নিয়মিত পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। 

এছাড়া ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করছে।

ডায়াবেটিসের মতো নীরব ঘাতককে মোকাবিলা করতে কেবল প্রাতিষ্ঠানিক চিকিৎসা নয়, বরং ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা ও সুস্থ জীবনধারা গড়ে তোলার কোনো বিকল্প নেই। ◉ 

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৪ নভেম্বর ২০২৬