নির্যাতন, অভুক্ত রাখা আর আত্মহত্যার পরিসংখ্যান

  • উন্নত ভবিষ্যতের আশায় গিয়ে ফিরছেন লাশ বা মানসিক রোগী হয়ে: সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের মর্মান্তিক পরিণতি 
  • সৌদি আরবে নারী শ্রমিকদের কান্না: মৃত্যুর শংসাপত্র নিয়ে প্রশ্ন, সুরক্ষা নিশ্চিতে চুক্তির পর্যালোচনার তাগিদ

 ➤ পরিবারের সচ্ছলতা ও সন্তানদের উন্নত ভবিষ্যতের আশায় সাভারের নার্গিস বেগম গৃহকর্মীর কাজ নিয়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু স্বপ্নের সেই দেশ তার জন্য রূপ নিয়েছিল এক ভয়াবহ দুঃস্বপ্নে। মাসের পর মাস তাকে প্রতিবেলায় খেতে দেওয়া হয়েছে শুধু দুই মুঠো মোটা চালের ভাত আর সেদ্ধ আলু। 

কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে পিঠে গুরুতর আঘাত পেলেও জোটেনি চিকিৎসা। উল্টো চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটকে রাখা হয় দিনের পর দিন।

অবশেষে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় দেশে ফিরতে পারলেও, নার্গিসের এই মর্মান্তিক অভিজ্ঞতা সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের নিরাপত্তাহীনতার এক জ্বলন্ত প্রতিচ্ছবি। উন্নত জীবনের আশায় প্রবাসে গিয়ে অনেক নারীই ফিরছেন নির্যাতনের ক্ষত নিয়ে, আর অনেকেই ফিরছেন কফিনে বন্দি হয়ে।

মৃত্যুর পরিসংখ্যান ও শংসাপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন 

অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরুর (রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট) ২০২৩ সালের এক গবেষণায় উঠে এসেছে প্রবাসে নারী শ্রমিকদের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য। 

ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের নথির ভিত্তিতে করা ওই গবেষণায় দেখা যায়, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৭০৫ জন বাংলাদেশি নারী শ্রমিকের মরদেহ দেশে এসেছে। এর মধ্যে ১১০ জনের মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’র কথা উল্লেখ করা হয়েছে, যার ৬৮ জনই মারা গেছেন সৌদি আরবে। সব মিলিয়ে এসব মৃত্যুর ৩২ শতাংশকেই দুর্ঘটনা, হত্যাকাণ্ড ও আত্মহত্যাসহ অস্বাভাবিক মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রবাসে ভালো নেই নারী কর্মীরা
গবেষণায় ১০০টি মৃত নারীর পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়, যার মধ্যে ৪৮টি পরিবার বিদেশে দেওয়া মৃত্যু সনদের (ডেথ সার্টিফিকেট) সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী বলেন, “কাজের অমানবিক পরিবেশ সইতে না পেরে কেউ কেউ আত্মহত্যা করতে পারেন, আবার অনেকে নির্যাতনের ফলেও মারা যেতে পারেন। 

বিদেশের সনদের ওপর পুরোপুরি নির্ভর না করে দেশে বিমানবন্দরেই মরদেহের ফরেনসিক পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত। এতে দেশের পরীক্ষার সঙ্গে বিদেশের সনদের অমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের কাছে তদন্তের জোর দাবি জানানো সম্ভব হবে।”

ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১০১ জন এবং ২০২৫ সালে ৮৮ জন নারীর মরদেহ দেশে এসেছে। এর মধ্যে দুই বছরেই সৌদি আরবে ১৩ জন করে মোট ২৬ জনের মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলা হয়েছে।

জীবিত ফেরা নারীদের মানসিক ও শারীরিক ট্রমা 

যারা জীবিত দেশে ফিরতে পারছেন, তাদের অনেকেরই মানসিক ও শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কেস ম্যানেজমেন্ট কর্মকর্তা নানজিবা কবির জানান, দেশে ফেরা নারী গৃহকর্মীদের প্রায় ৯০ শতাংশই মারাত্মক শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার। এদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) লক্ষণ প্রবল।

নানজিবা রাজিয়া বেগম নামের এক নারীর উদাহরণ টানেন, যিনি কয়েক বছর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ১২ ফেব্রুয়ারি দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি এতটাই মানসিক ট্রমাটাইজড ছিলেন যে, নিজের সন্তানদেরও চিনতে পারছিলেন না। 

এছাড়া এক নারী বিদেশে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফেরার মর্মান্তিক ঘটনাও ঘটে। ব্র্যাকের তথ্যমতে, শুধু চলতি বছরেই ৩৫০ জন দেশে ফেরা নারী তাদের কাছ থেকে সহায়তা নিয়েছেন।

এক বুক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমান নারীরা.. ফেরেন নিঃস্ব হয়ে
প্রতিকারহীন নির্যাতন ও কমছে নারী অভিবাসন 

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক মো. শরিফুল ইসলাম হাসান অভিযোগ করেন, পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই ২০১৫ সাল থেকে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো শুরু হয়। বিদেশে নির্যাতনের অভিযোগগুলো সৌদি কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তোলা হয় না, ফলে অপরাধীরা শাস্তি এড়ানোর সুযোগ পায়।

অনিরাপদ কর্মপরিবেশ ও সহিংসতার খবরের কারণে নারীদের বিদেশে যাওয়ার হার আশঙ্কাজনকভাবে কমেছে। রামরুর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের (১ লাখ ৫ হাজার ৪৬৬ জন) তুলনায় ২০২৫ সালে (৬২ হাজার ৩১৭ জন) নারী অভিবাসন ৪০ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০১৬ সালে মোট অভিবাসীর মধ্যে নারীর হার ছিল প্রায় ১৬ শতাংশ, যা ২০২৫ সালে মাত্র ৫ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

চুক্তি পর্যালোচনা ও সুরক্ষার দাবি 

নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞরা ছোটখাটো উদ্যোগের বদলে বড়সড় সুরক্ষাব্যবস্থা চালুর ওপর জোর দিয়েছেন। তাসনিম সিদ্দিকী নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তোলা এবং দূতাবাসের তত্ত্বাবধান বাড়ানোর আহ্বান জানান।

গত ৪ নভেম্বর সংসদীয় ককাসের এক আলোচনায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে ২০১৫ সালে সৌদি আরবের সঙ্গে করা চুক্তিটি পুনর্মূল্যায়নের জোর দাবি জানান। 

শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা, উপযুক্ত আবাসন ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ নিশ্চিত না করে কেবল রেমিট্যান্সের আশায় নারীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মত সংশ্লিষ্টদের। ◉ 

নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৯ নভেম্বর ২০২৬