➤ তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে সর্বোচ্চ ৪৮ হাজার এবং সর্বনিম্ন ৩২ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ ছাড়া পোশাকশিল্পের কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার এবং সর্বনিম্ন ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর)) দুপুর ১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এ প্রস্তাব দেন। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
শ্রমিকপক্ষের প্রস্তাবনায় চারটি গ্রেডে শ্রমিকদের মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মোট মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
প্রস্তাবনায় গ্রেডভিত্তিক মজুরির বিবরণে বলা হয়, গ্রেড-১ এ মূল মজুরি ২৮ হাজার ৮০০, বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা, গ্রেড-২ এ মূল মজুরি ২৫ হাজার ৮০০, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-৩ এ মূল মজুরি ২২ হাজার ৮০০, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৪ এ মূল মজুরি ১৯ হাজার ২০০, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মোট মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে মূল মজুরি ১৮ হাজার, বাড়িভাড়া ৯ হাজার এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা।
শ্রমিকপক্ষের প্রস্তাবনায় মূল মজুরি মোট মজুরির ৬০ শতাংশ এবং বাড়িভাড়া মূল মজুরির ৫০ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের বাবুল আখতার বলেন, দেশের চলমান মূল্যস্ফীতি ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এ মজুরি প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে বোর্ডে পরবর্তী সময়ে আলোচনা হবে।
এদিকে, সভায় মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাক কারখানায় চলমান অস্থিরতার কারণে মালিকপক্ষ কারখানায় যেতে পারেনি বলে জানিয়েছে। তারা প্রস্তাব জমা দিতে সাত কর্মদিবস সময় চেয়েছিল। তবে বোর্ডের সর্বসম্মতিক্রমে তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
বোর্ড চেয়ারম্যান আরও বলেন, শুধু সভাকক্ষে আলোচনা করেই মজুরি নির্ধারণ করতে চায় না বোর্ড। শ্রমিকদের সরাসরি বক্তব্য শোনার জন্য যেসব এলাকায় পোশাক কারখানা বেশি, সেসব এলাকায় বোর্ডের সদস্যরা সফর করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
মালিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন বলেন, চলমান পরিস্থিতির কারণে মালিকেরা কারখানায় যেতে পারছেন না। এ কারণে মজুরি প্রস্তাব জমা দিতে বিলম্ব হয়েছে। বোর্ডের দেওয়া চার কর্মদিবসের মধ্যেই তারা প্রস্তাব জমা দেবেন।বাংলাদেশ সংবাদ
সভায় মালিকপক্ষের অন্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। নিরপেক্ষ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৯ নভেম্বর ২০২৬