➤ শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ থাকা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথমার্ধেই জারা ও এইচঅ্যান্ডএমের মতো শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ বাংলাদেশ থেকে সরিয়ে এশিয়ার অন্য দেশে নিয়ে গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সকে তিনজন কারখানা মালিক জানিয়েছেন, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিদেশি ব্র্যান্ডগুলো প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার মূল্যের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বড় অংশ গেছে প্রতিবেশী দেশ ভারতে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভ ও অস্থিরতার কারণে ইতোমধ্যে পোশাক খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। ঢাকার আশপাশের কারখানাগুলোতে ২০ থেকে ২৫ কর্মদিবসের উৎপাদন ব্যাহত হয়েছে। 

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায় এই ধাক্কা সামগ্রিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পোশাক মালিকদের ভাষ্যমতে, বাংলাদেশ থেকে সরে যাওয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলে ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন। 

পরিচয় গোপন রাখার শর্তে তিন কারখানা মালিক নিশ্চিত করেছেন যে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস) ও সেলিওর মতো ব্র্যান্ডগুলো ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এ বিষয়ে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি এবং এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর চাপ আরও বেড়েছে, যদিও চার দশকের মধ্যে এটিই সর্বনিম্ন বৃদ্ধির হার। শ্রমিকরা মজুরি দ্বিগুণেরও বেশি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন; ঘোষিত মজুরি প্রত্যাশিত না হওয়ায় পুলিশের সঙ্গে নতুন সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক বলে শনিবার থেকে সব শ্রমিক কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করলেও শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক মানদণ্ডে এই মজুরি এখনও অনেক কম।

সংকট ঘনীভূত হচ্ছে
সৃষ্ট সমস্যা ও ঝুঁকি

শিল্পসংশ্লিষ্টদের মতে, মজুরি বৃদ্ধি, কাঁচামাল ও ইউটিলিটির বাড়তি খরচ, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে বাংলাদেশের ‘কম খরচে উৎপাদনের’ দীর্ঘদিনের সুবিধা দুর্বল হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকট আরও ঘনীভূত হওয়ায় কিছু কারখানাকে চড়া দামে বিকল্প উৎস থেকে বিদ্যুৎ নিতে হচ্ছে। এর পাশাপাশি রাজনৈতিক উত্তেজনাও অস্থিরতার শঙ্কা বাড়িয়ে তুলেছে।

সময়মতো পণ্য সরবরাহের ক্ষেত্রেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানান, ক্রেতারা এখন দামের চেয়ে নির্ধারিত সময়ে ডেলিভারিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। 

বাংলাদেশ যেখানে একটি অর্ডার উৎপাদন ও সরবরাহে প্রায় ১২০ দিন সময় নেয়, সেখানে প্রতিযোগী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে তা করতে পারে—ভারতের ক্ষেত্রে প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ায় ১৫ দিন পর্যন্ত সময় সাশ্রয় হয়। জমে থাকা অর্ডার সামাল দিতে অনেক কারখানাকে ওভারটাইম ও ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবতে হচ্ছে। 

আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলমের মতে, ১ নভেম্বর থেকে অস্থিরতার কারণে তাঁর বেশির ভাগ ক্রেতা নতুন অর্ডার দেওয়া বন্ধ রেখেছেন, অনেক ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। সবচেয়ে বড় শঙ্কা হলো, সাময়িক এই স্থানান্তর স্থায়ী রূপ নিলে ভবিষ্যতের ক্রয়াদেশও হাতছাড়া হতে পারে।

সম্ভাবনা ও করণীয়

চ্যালেঞ্জ থাকলেও সঠিক পদক্ষেপে আস্থা ফেরানো সম্ভব বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা চলছে। 

চীন পরবর্তী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রাখতে হলে দ্রুত কারখানার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং শ্রমিক-মালিক-সরকারের মধ্যে কার্যকর সংলাপ জরুরি।

লিড টাইম কমানো, বন্দর ও সরবরাহ ব্যবস্থার গতি বাড়ানো এবং উৎপাদনশীলতা বাড়াতে পারলে ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব। কারণ বিদেশি ব্র্যান্ডগুলোর সামনে বিকল্প বাজার খোলা থাকলেও দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে পারলে বাংলাদেশের পোশাক খাত আবারও ঘুরে দাঁড়াতে পারবে। ◉ 

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ২৮ নভেম্বর ২০২৬