দীর্ঘ ৬ বছরের বিরতির পর নতুন গান প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী আপন আহসান।  নিজের লেখা ও সুরে গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সময়ের প্রতিশ্রুতিশীল এই কণ্ঠশিল্পী। ভিন্নধারার গান নিয়ে বরাবরই শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এবার এলো তার নতুন গান ‘ভালো থেকো’। 

গানটির কথা, সুর ও কণ্ঠ আপন আহসানের। সংগীতায়োজন করেছেন ‘সোলস’ ব্যান্ডের কী-বোর্ডিস্ট মীর মাসুম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ আলী।  মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন কাজী কানিজ ও দীপ্ত দে। গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

প্রয়াত বর্ণ চক্রবর্তী ও শিল্পী আপন আহসান গানের ভুবনে অসাধারণ এক জুটি।  দুজনের প্রায় ১০০ গান রয়েছে।  আপন আহসানের লিরিক ভীষণ পছন্দ করতেন বর্ণ চক্রবর্তী।  ২০২১ সালের ১৭ জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সঙ্গীতশিল্পী বর্ণ চক্রবর্তী।  এর পর থেকেই  আপন আহসানের গানে জগতে ছেদ পড়ে। 

সঙ্গীতশিল্পী আপন আহসান বলেন, প্রয়াত গুণী সঙ্গীত শিল্পী বর্ণ চক্রবর্তীর মৃত্যর পর আর কোনো কাজ করিনি।  বর্ণ আমাকে খুবই ভালো বুঝতো।  আমাদের দুজনের চেষ্টায় অসংখ্য ভালো গানের সৃষ্টি হয়েছে।  বর্ণকে আজও মিস করি।

সঙ্গীতশিল্পী আপন আহসানের নতুন গানের পোস্টার। ছবি: সংগৃহীত
নতুন গান ‘ভালো থেকো’ নিয়ে শিল্পী বলেন, জীবনের টানাপোড়েনে মানুষ অসংখ্য সমস্যা নিয়ে বেঁচে আছে।  আবার প্রিয়জনের অনুপস্থিতিও মানুষকে নানাভাবে আন্দোলিত করে।  সবার এই আনসিন মানুষটিকে নিয়েই আমার নতুন এই গান।আশা করি, গানটি দর্শক-শ্রোতাদের মন জয় করবে।

গানের ভুবনে আপন আহসানের পথচলা দীর্ঘদিনের। লক্ষ্মীপুরের সন্তান আপন ২০০২ সালে গানের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ২০০৪ সালে সঙ্গীতার ব্যানারে তার লেখা প্রথম গান প্রকাশ পায়, শুরু হয় গীতিকার হিসেবে পথচলা। দেশের অনেক স্বনামধন্য শিল্পীর কণ্ঠে রয়েছে তার লেখা গান। তার লেখা গান টানা দুবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও অর্জন করেছে।

কণ্ঠশিল্পী হিসেবে আপন আহসানের পাঁচটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে গান করলেও লেজার ভিশনের ব্যানারে ২০১২ সালে প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নের রোদ’। এরপর ২০১৪ সালে প্রকাশ পায় ছয় গানের অ্যালবাম ‘ভাবো আরেকবার’। 

২০১৫ সালে আট গানের ‘আজানের সুর’ এবং ২০১৬ সালে ৯ গানের ‘ক্ষমা করে দাও’ ও ৬ গানের ‘বুঝে না মন’ অ্যালবাম দুটি প্রকাশিত হয় ইউটিউব ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। ২০১৬ সালের ঈদুল ফিতরে প্রকাশিত তার ‘ঈদ মোবারক’ গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগায়। এ ছাড়া পুরোনো সিনেমার গান, বৈশাখী ও ইসলামি ধাঁচের বেশ কয়েকটি গানও শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১২ অক্টোবর ২০২৬