➤ দেশব্যাপী সহিংসতা এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটলেও এসব অপতৎপরতা বন্ধে নেই দৃশ্যমান কার্যকর পদক্ষেপ।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নভেম্বরের দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে আগের সপ্তাহ জুড়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাস, পুলিশের গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় একজন চালক নিহত হয়েছেন।
এ ছাড়া ১১ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। দেশ জুড়ে গ্রামীণ ব্যাংকের ১৮টি শাখায় হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।
অধিকার বলেছে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর এসব অপরাধের বিচার চললেও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী দেশ জুড়ে সহিংসতা চালাচ্ছে।
এসব অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে অধিকার অবিলম্বে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ১৪ নভেম্বর ২০২৬