সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে এই দণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন— নজরুল ইসলাম আবদুল বশীর এবং সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছিল। পরবর্তীতে যথাযথ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং আইনি ধাপ পেরিয়ে আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। অপরাধের স্থান ও সময়ের সর্বোচ্চ পবিত্রতা বিবেচনা করে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের অনুমোদনে এই রায় চূড়ান্ত করে কার্যকর করা হয়।
আলোচিত এই ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে এই চরম শাস্তি কার্যকর করা হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কঠোরভাবে ইসলামিক আইন বাস্তবায়নে সৌদি সরকার সর্বদা বদ্ধপরিকর।
পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ন করা বা সেখানে যেকোনো ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রাখা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে।
নিউজ নাউ বাংলা/ এমআরকে/ জেডআরসি/ ১৫ অক্টোবর ২০২৬