উত্তরসূরি নিয়ে স্কালোনির স্পষ্ট বার্তা 

◉ ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়ো নেই

◉ যোগ্য উত্তরাধিকারীর খোঁজে আর্জেন্টিনা কোচ 

◉ মেসিযুগের পর নতুন দল গঠনের চ্যালেন্জ

➤ আর্জেন্টাইন ফুটবলে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি মানেই ছিল এক অবিসংবাদিত জাদু। দীর্ঘ দুই দশক ধরে এই জার্সি গায়ে জড়িয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন মহাতারকা মেসি। 

তবে আন্তর্জাতিক ফুটবলকে তার বিদায়ের পর থেকেই এখন মালিকহীন হয়ে পড়েছে আলবিসেলেস্তেদের ঐতিহ্যবাহী এই জার্সিটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেসির উত্তরসূরি হিসেবে কে পরবেন বহুল প্রতীক্ষিত এই ১০ নম্বর?

তবে এই উত্তর খুঁজতে মোটেও তাড়াহুড়ো করছেন না আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত কাউকেই দেওয়া হবে না এই জার্সি। ভবিষ্যতে যাকে এই দায়িত্ব দেওয়া হবে, তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেওয়া হবে।

আগামী শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এটিই হবে মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ।

জার্সি নিয়ে তাড়াহুড়ো নেই স্কালোনির

বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন স্কালোনি। একই সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের পদে তার নতুন চুক্তির ঘোষণাও দেওয়া হয়। সেই অনুষ্ঠানে অবধারিতভাবেই চলে আসে মেসির জার্সির বিষয়টি।

এ প্রসঙ্গে স্কালোনি বেশ স্পষ্ট ভাষায় বলেন, "এই ম্যাচে আমরা কাউকে ১০ নম্বর জার্সি দেব না। যতক্ষণ পর্যন্ত এটি কাউকে দেওয়া বাধ্যতামূলক না হচ্ছে, ততক্ষণ কাকে দেব, তা নিয়ে ভাবিনি। যখন সময় আসবে, তখন দেখা যাবে। বিষয়টি আমাকে খুব একটা ভাবাচ্ছে না।"

মেসির রেখে যাওয়া পবিত্র এই জার্সিটি হুটহাট কারও গায়ে দেখতে নারাজ বিশ্বকাপজয়ী এই কোচ। তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো এমন একজন ফুটবলারকে বেছে নেওয়া, যিনি লম্বা সময় ধরে এই জার্সির মর্যাদা ধরে রাখতে পারবেন। স্কালোনি যোগ করেন, "যেদিন আমরা সিদ্ধান্ত নেব, সেদিন চাইব সেটি যেন স্থায়ী হয়। বিভিন্ন ফুটবলারকে পর্যায়ক্রমে ১০ নম্বর জার্সি দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।"

নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলারদের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সঠিক সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

পারেদেস ও দি পলের জাতীয় দলে ফেরা নিয়ে সংশয়

মেসির ১০ নম্বর জার্সির পাশাপাশি সংবাদ সম্মেলনে বড় আলোচনার বিষয় ছিল অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পলের ভবিষ্যৎ।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পর মাঠে অনভিপ্রেত সংঘর্ষের ঘটনায় ১০ ম্যাচের দীর্ঘ নিষেধাজ্ঞা পেয়েছেন পারেদেস। ফিফার কাছে আপিল করেও শাস্তি কমাতে ব্যর্থ হওয়ায় এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে এএফএ। 

তবে নিষেধাজ্ঞা শেষ হলেও পারেদেসের জাতীয় দলে ফেরা নিশ্চিত নয়। স্কালোনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দলে ফিরতে হলে তাকে কেবল বোকা জুনিয়র্সে খেলা নয়, বরং সর্বোচ্চ ফিটনেস এবং প্রতিযোগিতামূলক মানসিকতা প্রমাণ করতে হবে। পারেদেসের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়ে কোচ বলেন, "সে যদি শতভাগ ফিট থাকে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে, তবেই স্বাভাবিকভাবে দলে জায়গা পাবে।"

অন্যদিকে, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি দীর্ঘদিন মাঝমাঠের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগো দি পল। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মিডফিল্ডারকে আপাতত বাইরে রেখে তরুণদের সুযোগ দিতে চান স্কালোনি।

তিনি বলেন, "রদ্রিগোর জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়নি। তবে আমাদের তার সেরা সংস্করণটা প্রয়োজন। তরুণদের সুযোগ দিতেই আমরা এবার অন্য কয়েকজনকে ডেকেছি।"

মেসিকে ছাড়াই নতুন আর্জেন্টিনা গড়ার এই চ্যালেঞ্জিং যাত্রায় স্কালোনির দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কড়া অনুশাসনই এখন আলবিসেলেস্তে শিবিরের মূল চালিকাশক্তি। ◉ 

নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ১৩ নভেম্বর ২০২৬