নেপথ্য প্রভাব ও চার কোটি টাকার অনিয়মের অভিযোগ:
➤ বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-২) মোহাম্মদ জহিরুল আলমকে ঘিরে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, একচ্ছত্র প্রশাসনিক নিয়ন্ত্রণ, রাজনৈতিক ভোলবদল এবং চার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংকটির অভ্যন্তরে ও আর্থিক খাতে তীব্র অস্থিরতা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করা এবং পরবর্তী সময়ে ব্যাংক এশিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করা এই নির্বাহীর ২০১৯ সালের শেষভাগ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ কর্মবিরতি, শিক্ষাগত যোগ্যতার সনদ—বিশেষ করে পিএইচডি ডিগ্রির গ্রহণযোগ্যতা—এবং পুনরায় ব্যাংকিং খাতে ফেরার প্রেক্ষাপট নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এমনকি ২০২০ সালের ৭ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সাক্ষাৎকারের আমন্ত্রণ পাওয়ার বিষয়টিও তার পূর্ববর্তী প্রভাব ও যোগাযোগের প্রসঙ্গে নতুন করে আলোচনায় আসে।
সংশ্লিষ্ট সূত্র ও ব্যাংকের অভ্যন্তরীণ নথিপত্র পর্যালোচনায় জানা যায়, দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে অত্যন্ত নামমাত্র বেতন কাঠামোয় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডিএমডি-২ পদে জহিরুল আলমের যোগদান নিয়োগের মানদণ্ড ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি করেছে।
অভিযোগ রয়েছে, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান মহসিন মিয়া এবং অডিট কমিটির বর্তমান চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামানের সরাসরি পৃষ্ঠপোষকতায় তার ব্যাংকে প্রবেশের পথ সুগম হয়।
ব্যাংকে যোগদানের পর মানবসম্পদ উন্নয়ন বিভাগসহ নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিজের হাতে নিয়ে তিনি দ্রুত একচ্ছত্র প্রভাববলয় গড়ে তোলেন বলে অভিযোগ উঠেছে।
প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে তার বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করার বিস্তর অভিযোগ রয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে একই কর্মকর্তাকে একাধিকবার বদলি করা, দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নিয়মিত নির্বাহী ভাইস প্রেসিডেন্টকে মাত্র তিন মাসের নোটিশে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়া এবং নিয়ম ভেঙে অবসরপ্রাপ্তদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার মতো সিদ্ধান্তগুলো ব্যাংকটির স্বাভাবিক প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাকে ভেঙে দিয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে জহিরুল আলমের অবস্থান ও কৌশল পরিবর্তনের বিষয়টিও ব্যাংকপাড়ায় সমানভাবে আলোচিত। সমালোচকদের ভাষ্যমতে, কথিত ‘জামায়াত গুপ্ত’ পরিচয়ের আলোচনার প্রেক্ষাপটে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন বলয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে তিনি নানা সুবিধা আদায়ের চেষ্টা করেছিলেন; আবার ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপিঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে নতুন বাস্তবতায় নিজের অবস্থান সুসংহত করার প্রবণতা দেখিয়েছেন।
একটি তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীর ক্ষেত্রে এমন সুবিধাবাদী অবস্থান ও নেপথ্য প্রভাবকে প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মনে করছেন ব্যাংকিং বিশ্লেষকরা।
তবে সবচেয়ে বড় আর্থিক বিতর্ক তৈরি হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ১০০ কোটি টাকার আমানত সংগ্রহকে কেন্দ্র করে চার কোটি টাকার কথিত অনিয়ম নিয়ে। গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকের একটি নির্দিষ্ট হিসাব থেকে অর্থ ছাড়ের পর ব্যাংকটির ১৩ জন কর্মকর্তার ব্যক্তিগত হিসাবে ওই টাকা জমা ও পরবর্তীতে উত্তোলনের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, জহিরুল আলম নেপথ্যে থেকে দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়দুল হকের পাশাপাশি দেলোয়ার হোসেন, হামিদুর রহমান ও পলাশ বাবুর মতো কর্মকর্তাদের এই বিতর্কিত লেনদেনে জড়িয়ে পড়ার পেছনেও তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
এমডি ওবায়দুল হক, ডিএমডি জহিরুল আলম, দেলোয়ার হোসেন, চেয়ারম্যানের পিএস দ্বীন ইসলাম রকি এবং এমডির সাবেক পিএস হামিদুর রহমানকে ঘিরে গড়ে ওঠা এই প্রভাববলয়ে কার ভূমিকা কতটুকু এবং কারা এই অর্থ কেলেঙ্কারির প্রকৃত পরিকল্পনাকারী—তা উদ্ঘাটনে ব্যাংকের ভেতরে ও বাইরে নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডিএমডি মোহাম্মদ জহিরুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ২৮ নভেম্বর ২০২৬