বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন
◉ একীভূত শরিয়াহ ব্যাংকসহ ১৫ প্রতিষ্ঠানে পুঞ্জীভূত খেলাপি ঋণের পাহাড়
◉ মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের চাপে জর্জরিত ব্যাংক খাত: জিডিপি প্রবৃদ্ধিতে নতুন ঝুঁকির শঙ্কা
➤ দেশের ব্যাংকিং খাতের পুঞ্জীভূত খেলাপি ঋণের বিশাল একটি অংশ মাত্র কয়েকটি ব্যাংকের কব্জায় রয়েছে। এর মধ্যে একীভূত শরিয়াহ ব্যাংকসহ ১৫ প্রতিষ্ঠানে পুঞ্জীভূত খেলাপি ঋণের পাহাড়।
বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশির জন্যই দায়ী মাত্র ১৫টি ব্যাংক। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। সব মিলিয়ে এই ১৫ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী চিত্র ও শরিয়াহ ব্যাংকের দশা
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের ৬১টি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মোট শ্রেণীকৃত বা খেলাপি ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা থেকে আরও বৃদ্ধি পেয়েছে।
এর ফলে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের ৩২.২৬ শতাংশ থেকে বেড়ে ৩২.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার কিছুটা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তবে সব ব্যাংকের আর্থিক স্বাস্থ্য একরকম নয়। একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বাদ দিলেও বাকি ১০টি ব্যাংকের কাছে রয়েছে মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর দখলে, যার মূল কারণ ছিল একীভূত হওয়া ৫টি ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ মন্দ ঋণ।

খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত (সিআরএআর) পরিমাপে দেখা গেছে, ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩.১৭ শতাংশ থেকে বেড়ে ৩.৮০ শতাংশে দাঁড়িয়েছে। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের চেয়ে আরও নিচে নেমে গেছে।
ব্যাংকের ধরন অনুযায়ী এই সংকট আরও প্রকট:
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক: সিআরএআর আগের প্রান্তিকের ১.০৮ শতাংশ থেকে কমে মাত্র ০.৮২ শতাংশে নেমেছে।
- বেসরকারি ব্যাংক: এই হার ৯.১১ শতাংশ থেকে কমে ৮.১৮ শতাংশ হয়েছে।
- শরিয়াহভিত্তিক ব্যাংক: একীভূত হওয়া ৫টি ব্যাংক বাদে অন্য শরিয়াহ ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা ৭.৭৫ শতাংশ থেকে কমে ৭.৩০ শতাংশে ঠেকেছে।
সম্পদের মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা হ্রাসের দীর্ঘমেয়াদি সমস্যায় ব্যাংক খাত এখনো মারাত্মক চাপে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শৃঙ্খলা ফেরাতে খেলাপিদের জন্য এক্সিট সুবিধা চালু, প্রস্তাবিত ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬’ এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের মতো সংস্কারমূলক উদ্যোগের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
সামগ্রিক অর্থনীতিতে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঝুঁকি
ব্যাংক খাতের সংকটের পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। উৎপাদন খাতের ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশে (আগের প্রান্তিকে যা ছিল ২.২ শতাংশ) উন্নীত হয়েছে। তবে এই ধারা বজায় রাখতে খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দুর্বলতা দূর করা জরুরি।
ভবিষ্যতের অর্থনৈতিক ঝুঁকি হিসেবে বাংলাদেশ ব্যাংক জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ সংকট এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাতের কারণে আমদানি ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে।
এছাড়া বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাঝারি মাত্রার যেকোনো অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে সক্ষম বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘমেয়াদে ঝুঁকি কমাতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনা এবং নতুন শ্রমবাজার খোঁজার ওপর বিশেষ জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তথ্যসূত্র: ডেইল স্টার ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৬ নভেম্বর ২০২৬