➤ শেখ হাসিনার দৃষ্টিকোণ থেকে দেখলে, তার দেশে ফেরার চেষ্টা এক অতি চতুর রাজনৈতিক কৌশল। প্রথমত, এর মাধ্যমে তিনি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দ্বিতীয়ত, কারাবরণ, এমনকি মৃত্যুর ঝুঁকি নেওয়ার মধ্য দিয়ে তাকে সাহসী ও আত্মত্যাগী হিসেবে উপস্থাপন করা হবে।
তৃতীয়ত, এর ফলে সমর্থকরা তার ‘সাহসিকতার’ সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসিকতার তুলনা করার সুযোগ পাবে। কেননা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তারেক রহমান দেশে ফিরে কারাবরণের ঝুঁকি নেননি। চতুর্থত, এর মাধ্যমে তিনি আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কাছে অনুগত ও সহমর্মী হিসেবেও উপস্থাপিত হবেন। কারণ, তিনি ইঙ্গিত দিচ্ছেন যে, তার কর্মী-সমর্থকদের অধিকার লঙ্ঘন ও দুর্ভোগের কারণেই তিনি দেশে ফিরতে চান।
পঞ্চমত, হাসিনার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলা বিচারপ্রক্রিয়ায় তিনি দণ্ডিত হয়েছেন। ফলে আইসিটি ও তার বিচারপ্রক্রিয়া নিয়ে আরও বেশি সমালোচনার সুযোগ তৈরি করতে পারেন হাসিনা ও আওয়ামী লীগ।
ষষ্ঠত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাসিনার দেশে ফেরা বিএনপি সরকারকে অত্যন্ত কঠিন অবস্থানে ফেলে দেবে। আনুষ্ঠানিকভাবে সরকার চায়, হাসিনা দেশে ফিরে আদালতের রায় অনুযায়ী দণ্ডের মুখোমুখি হন। কিন্তু বাস্তবে তার ফিরে আসাই হতে পারে সরকারের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত বিষয়। কারণ, তখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে, নাকি আপিল কিংবা রাষ্ট্রপতির ক্ষমার মাধ্যমে সেটা এড়ানোর পথ খুঁজবে।
তার মৃত্যুদণ্ড কার্যকরের জন্য জনগণের তরফে ব্যাপক দাবি উঠবে। মানুষ এ কথাও তুলে ধরবে যে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতে ইসলামীর পাঁচ নেতা ও বিএনপির এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। যে ট্রাইব্যুনাল তাদের দণ্ডিত করেছিল, সেই একই ট্রাইব্যুনাল এখন হাসিনাকেও দণ্ডিত করেছে।

তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক কিংবা তাকে কারাগারে রাখা হোক, প্রায় নিশ্চিতভাবেই আওয়ামী লীগের বিক্ষোভ নতুন করে জোরালো হয়ে উঠবে। সরকার এসব বিক্ষোভ দমনের চেষ্টা করলে দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটতে পারে।
এর সঙ্গে রয়েছে তার পরিচয়ের বিষয়টি। হাসিনা যত অপকর্মই করুক, তার যত অপরাধই থাকুক, বিএনপি সরকার কি সত্যিই দেশের স্বাধীনতার নেতা এবং ১৯৭৫ সালে সপরিবারে নিহত শেখ মুজিবুর রহমানের মেয়েকে ফাঁসিতে ঝোলাতে পারবে? বিষয়টি কল্পনা করাও কঠিন। তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকেও সরকার প্রবল চাপের মুখে পড়বে।
ভারত থেকে তো বটেই, অন্য আরও অনেক দেশ থেকেও এই চাপ আসতে পারে। মানবাধিকার সংগঠনগুলো বলবে, বিচার কার্যক্রমে যিনি অংশই নেননি এবং যেখানে তার আপিলের অধিকারও হয়তো আর নেই, সেই বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ন্যায়বিচারের অধিকার লঙ্ঘনের অত্যন্ত গুরুতর উদাহরণ।
তবে তাকে মৃত্যুদণ্ড না দিলেও ঝুঁকি বাড়বে। শাহবাগে ‘গণজাগরণ মঞ্চ’র মতো আরেকটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার পরিপ্রেক্ষিতে হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে রাজপথে নেমে আসবেন লাখো মানুষ এবং সরকার পড়বে গুরুতর অস্থিতিশীলতার মুখে।
কাজেই দেশে ফেরার ঘোষণা দিয়ে হাসিনা আবারও নিজেকে প্রাসঙ্গিক করে তুলেছেন এবং সরকারকে এমন এক সমস্যায় ফেলেছেন, যার সহজ সমাধান নেই। একইসঙ্গে তিনি এমন রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কাও তৈরি করেছেন, যেটাকে কাজে লাগানোর মতো অবস্থানে তিনি রয়েছেন। আর এ কারণেই তিনি নিছক লোকদেখানো সিদ্ধান্ত নিয়েছেন, এটা বলার সুযোগ কম। বরং এটা তার প্রকৃত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাই বেশি।
আর এ কারণেই বাংলাদেশ সরকার এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। হাসিনার দণ্ডাদেশের পর থেকে গত এক বছর ধরেই ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের জন্য হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারতের কাছে দাবি জানিয়ে আসছে সরকার।

কারণটি সহজ। উপরের সবগুলো কারণ বিবেচনায় দিল্লিতে থাকা হাসিনার চেয়ে বাংলাদেশে থাকা হাসিনা এই সরকারের জন্য অনেক বেশি বিপজ্জনক।
হাসিনার এমন ঘোষণায় ভারতও সংকটে পড়েছে। তাকে ফেরত পাঠানোর অনুরোধ দেশটি এত দিন কার্যত এড়িয়ে এসেছে। এবার তিনি স্বেচ্ছায় দেশে ফেরার ঘোষণা দেওয়ার ফলে আপাতদৃষ্টিতে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সবচেয়ে বড় সমস্যাটির সমাধান হয়ে যাবে। কারণ, ভারতকে আর তাদের দীর্ঘদিনের মিত্রকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রয়োজন পড়বে না।
কিন্তু, ঢাকা জোর দিচ্ছে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে এবং দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে এই প্রক্রিয়াকেই যথাযথ বলে দাবি করছে। এই চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার কোনো উদ্যোগে সহায়তা করলে নয়াদিল্লির ওপর দায় চাপাতে পারে ঢাকা। এতে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরির কারণ সৃষ্টি হবে। তা ছাড়া, আপাতদৃষ্টিতে দেশে ফেরার সিদ্ধান্তটি হাসিনার হলেও, দীর্ঘদিনের মিত্রকে সম্ভাব্য মৃত্যুদণ্ডের দিকে এগিয়ে দেওয়ার বিষয়টি ভারত কীভাবে দেখাতে চাইবে, সেটাও বোঝা কঠিন।
এদিকে হাসিনা ভারতে অবস্থান করার কারণে এর মূল্যও চুকাতে হচ্ছে। ২০২৬ সালের আগস্টে দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি ও তার দলের নেতারা একের পর এক মিথ্যা ও অপতথ্য ছড়ান। এর ফলশ্রুতিতে তারেক রহমানের প্রথম ভারত সফরের প্রস্তুতি ভেস্তে যায়। অথচ, নরেন্দ্র মোদি এই সফরটি চান। কারণ, বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্গঠন করতে চাইছে; একইসঙ্গে ঢাকার পাকিস্তান ও চীনমুখী হওয়ার সম্ভাবনাও ঠেকানোর চেষ্টা করছে।
মজার বিষয় হলো, ঢাকা ও দিল্লির স্বার্থ সম্ভবত এই একটি জায়গায় এসে মিলে যাচ্ছে—কেউই আসলে হাসিনাকে বাংলাদেশে দেখতে চাইছে বলে মনে হচ্ছে না। আর পাসপোর্ট বা ভ্রমণ নথি না দেওয়ার মাধ্যমে অঘোষিতভাবে হাসিনাকে ভারতের কাছেই রেখে দেওয়ার সুযোগ করে দিচ্ছে ঢাকা।
বহু বছর ধরে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন ডেভিড বার্গম্যান। লেখাটি ডেইলি স্টার থেকে নেওয়া। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ১২ নভেম্বর ২০২৬