➤ ‘সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ৩-৪ টাকা। চিকন চালের দাম বেশি বেড়েছে। বোরো ধানের মৌসুম শেষ হয়ে আসছে। আবার চাল আমদানিও বন্ধ। এ জন্যই বাড়ছে চালের দাম। গত বছরের মতো চাল আমদানি হলেই কমবে অস্থিরতা।’ 

চালের অস্থির বাজার নিয়ে এভাবেই মত প্রকাশ করেন রাজধানীর কারওয়ান বাজারের চাল বিক্রেতা বকাউল রাইস এজেন্সির স্বত্বাধিকারী মাঈনুদ্দিন শাওন।  শুধু এই বাজারের চাল বিক্রেতা-ই নয়, রাজধানীর বাদামতলী ও কৃষি মার্কেটের পাইকারি চাল বিক্রেতারাও একই তথ্য জানান।

খুচরা চাল বিক্রেতারা জানান, মিলমালিকরা চালের দাম বাড়াচ্ছেন। আবার আমদানিও হয় না। তাই দাম বাড়ছে চালের। সরকারি প্রতিষ্ঠান টিসিবিও বলছে, মাসের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে ৩ শতাংশ। সোমবার (০৯ নভেম্বর) বিভিন্ন বাজার ঘুরে ও সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে।


বিভিন্ন বাজারে দেখা যায়, আগের মতোই অধিকাংশ দোকানে থরে থরে সাজানো চালের বস্তা। তার পরও খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

খুচরা বিক্রেতারা জানান, কয়েক দিন ধরে মিলমালিকরা চালের দাম বাড়াচ্ছেন। গত বছরের এই সময়ে ভারত থেকে চাল আমদানি করা হয়।

ফের অস্থির চালের বাজার
কারওয়ান বাজারের খুচরা চাল বিক্রেতা আব্দুল আওয়াল বলেন, জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে গাড়ি ভাড়া। বিদ্যুৎ খরচও এখন বেশি। এর প্রভাবে মিলমালিকরা চালের দাম বাড়িয়েছেন। 

এই বাজারের অন্য চাল বিক্রেতারাও একই তথ্য জানান। টাউন হল বাজারের মাদারীপুর রাইস ঘরের ম্যানেজার ধীরেন বাবু বলেন, ‘চাল আমদানির প্রভাবে গত বছরের এই সময়ে চালের দাম তেমন বাড়েনি।’

এদিকে পাইকারি চাল বিক্রেতারাও জানান, বোরো ধানের মৌসুম শেষের দিকে। আবার গত বছরের মতো চাল আমদানিও হচ্ছে না। তাই দাম বাড়ছে। এ ব্যাপারে বাদামতলী বাজারের পাইকারি চাল ব্যবসায়ী মো. সলিমুল্লাহ খবরের কাগজকে বলেন, ‘পাইকারি বাজারে সব চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। কারণ ভারত থেকে চাল আমদানি হচ্ছে না।

গত বছরের এই সময়ে চাল আমদানি হওয়ায় দাম তেমন বাড়েনি। দেশেই প্রচুর চাল আছে। ঠিকমতো সরবরাহ হলে দাম অতো আর বাড়বে না। এদিকে সপ্তাহখানেক পরই আমন ধান উঠবে। এ সময় মোটা চালের সঙ্গে নাজিরশাইল ধানও উঠবে। তখন দাম অতো বাড়বে না।’ কৃষি মার্কেটের মো. সোহেল রানাও একই তথ্য জানান।

খুচরা ও পাইকারি চাল বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যোগাযোগ করা হলে কুষ্টিয়ার রশিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, ‘কেউ ইচ্ছা করলেই চালের দাম বাড়াতে পারবেন না। বোরো ধানের মৌসুম শেষের দিকে। তাই ধানের দাম বেশি। 

তিনি আরও বলেন, সরকার কিছুদিন আগে তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে পরিবহন খরচও বেড়েছে। বিভিন্ন কারণে চালের বস্তায় ৫০ টাকা বাড়ানো হয়েছে। এটা অস্বাভাবিক কিছু না। নতুন ধান উঠলে দাম কমতে পারে।’

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বাজারদর প্রতিবেদনেও দেখা যায়, মাসের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ৩ শতাংশের বেশি বেড়েছে। 

এক মাস আগে ৭০-৮৫ টাকায় বিক্রি হলেও সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা ও মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়, যা গত মাসে কম দাম ছিল। ◉ 

নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৯ নভেম্বর ২০২৬