➤ স্বর্ণের অতিরিক্ত দরের কারণে সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সম্প্রতি দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতারা অলঙ্কার কেনা কমিয়ে দিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ জুয়েলারি ক্রয় করছেন না।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত দেশে ১২৫ দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে, কমেছে ৬৪ বার এবং এক দফা করা হয়েছে ভ্যাট সমন্বয়। এদিকে ব্যবসায়িরা জানান, জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। তৈরি হয়েছে গ্রাহকদের বিমুখতা। ক্যাব নেতারা বলেন, এ পণ্য আর সহজলভ্য নেই।
স্বর্ণ, বর্তমানে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরির যার বাজার মূল্য ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকার বেশি। দেশে আকাশছোঁয়া এ মূল্যবান ধাতুটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে ভূরাজনীতি, আন্তর্জাতিক ব্যবসায়িক মোড়ল গোষ্ঠী,ডলারের বিনিময় হার ও লাগামহীন মূল্যস্ফীতি।
যে কারণে গত একযুগে ধীরে ধীরে ধাতুটি হাতের নাগালের বাহিরে চলে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বিলাসবহুল বস্তুতে পরিণত হয়েছে। উচ্চ দর বদলে দিয়েছে বিনিয়োগের মাধ্যম, ম্লান করেছে নারীর গভীর আবেগ, ঐতিহ্য এবং সামাজিক মর্যাদা। জাগতিক (সংসারসংক্রান্ত) বাস্তবতায় অনুভূতি, পারিবারিক বন্ধনে যুক্ত করেছে দীর্ঘশ্বাস।
গ্রাহকরা জানান, স্বর্ণ বাঙালি সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্যের স্মারক হয়ে সংকটে নিরাপত্তা-ভরসার শেষ ঠিকানা ছিল। দাম আকাশচুম্বি হওয়ায় কিনতে পারছেন না অনেকে।

ক্যাবের সহ সভাপতি বলছেন, স্বর্ণের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় সামাজিক অনুষ্ঠানের জন্য গ্রাহকরা নতুন গয়না কেনার বদলে পুরোনো গয়না পলিশ বা রূপান্তর করে চাহিদা পূরণ করছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে স্বর্ণ এখন সোনার হরিণ। বিয়ে-শাদির অনুষ্ঠানেও স্বর্ণ দেয়ার প্রবণতা ক্রমেই হ্রাস পাচ্ছে।’
জুয়েলারি ব্যবসায়ীরা বলেন, স্থানীয় বাজারে আমদানি শুল্ক ও অন্যান্য আইনি জটিলতা সমস্যাকে ঘনীভূত করেছে। বেচাবিক্রি আগের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমে গেছে। সামগ্রিক উচ্চমূল্যের কারণে বাজারে প্রাণচঞ্চলতা ফিরছে না।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘প্রধান কাঁচামাল পিওর গোল্ড সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলসহ আমাদের দেশেও বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। গোল্ডের দামটা নাগালের বাইরে চলে গিয়েছিল।’
বিশ্ববাজারের তুলনায় দেশের সোনার বাজার ছোট। দেশে বার্ষিক সোনার চাহিদা ২০-৪০ টন। এর মধ্যে ১০ শতাংশ পুরোনো অলংকার থেকে পূরণ হয়। বাকিটা ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আসে। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৯ নভেম্বর ২০২৬