অর্থ পাচারের অভিযোগ
◉ অর্থ পাচারে অভিযুক্ত প্রতিষ্ঠানের হাতেই খাদ্য সরবরাহ
◉ এস আলম গ্রুপের সহযোগী অ্যাগ্রোকর্পকে গম আমদানির কাজ দেওয়ায় রাষ্ট্রের ৫০০ কোটি টাকা গচ্চা
◉ দুদকের মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত প্রতিষ্ঠান দিয়েই আমদানি: প্রশ্নবিদ্ধ সরকারি খাদ্য কেনাকাটার প্রক্রিয়া
➤ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যঘাটতি কমানোর লক্ষ্যে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে আগামী পাঁচ বছরে ৩৫ লাখ টন গম আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। তবে জিটুজি প্রক্রিয়ার মৌলিক শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে সিঙ্গাপুরে নিবন্ধিত ভারতীয় মালিকানাধীন কোম্পানি ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল’-এর কাছ থেকে এই গম কেনা হচ্ছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ হাজার ৪৮০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত এবং এস আলম গ্রুপের অর্থ পাচারের সহযোগী হিসেবে চিহ্নিত এই বিতর্কিত প্রতিষ্ঠানটিকে কোনো ধরনের জামানত ছাড়াই আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি দামে গম সরবরাহের কাজ দেওয়া হয়েছে।
জিটুজি নিয়ম লঙ্ঘন ও রাষ্ট্রের শতকোটি টাকার ক্ষতি
আন্তর্জাতিক বাণিজ্যিক ও জিটুজি রীতি অনুযায়ী, দরপত্র ছাড়া কোনো দেশ থেকে পণ্য কিনতে হলে সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে অবশ্যই সংশ্লিষ্ট দেশের নিবন্ধিত হতে হয়। কিন্তু অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত এবং এর মালিকানা ভারতীয় নাগরিকের। ফলে মার্কিন গম আমদানির কমিশন ও জাহাজভাড়ার পুরো অর্থই চলে যাচ্ছে তৃতীয় দেশের এই মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের পকেটে।
চুক্তির নথি পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের ২৭ জুলাই ২ লাখ ২০ হাজার টন এবং চলতি বছরের ৬ জুলাই আরও ২ লাখ ২০ হাজার টন গম আমদানির চুক্তি করে খাদ্য অধিদপ্তর। গত বছর প্রতি টন গমের দাম ৩০২.৭৫ ডলার ধরা হলেও চলতি বছর তা বাড়িয়ে ৩২২ ডলার করা হয়েছে, যা আন্তর্জাতিক বাজারদরের চেয়ে টনপ্রতি প্রায় ৭০ ডলার বেশি।
এর ফলে শুধু প্রথম বছরের গম আমদানিতেই সরকারি কোষাগার থেকে প্রায় ৫০০ কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে। তদুপরি, জিটুজি চুক্তির দোহাই দিয়ে কোনো ‘পারফরম্যান্স গ্যারান্টি’ বা জামানত ছাড়াই কাজটি দেওয়া হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে দেশের সরকারি ও বেসরকারি খাদ্য সরবরাহ খাত এককভাবে নিয়ন্ত্রণ করত অ্যাগ্রোকর্প।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, এস আলম গ্রুপ সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদ দখল করে নামে-বেনামে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে—যার মধ্যে এককভাবে ইসলামী ব্যাংক থেকেই এস আলম ও নাবিল গ্রুপ বের করে নিয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামী ব্যাংকসহ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে খাদ্যপণ্য আমদানির নামে অ্যাগ্রোকর্পের অনুকূলে অসংখ্য ভুয়া ঋণপত্র (এলসি) খোলা হতো। কোনো পণ্য দেশে না এলেও আমদানির আড়ালে ডলার সিঙ্গাপুরে পাচার করা হতো।
পরবর্তীতে সেই অর্থ ‘ব্যাংক অব চায়না’ ঘুরে চট্টগ্রামের বাঁশখালীর ‘এসএস পাওয়ার প্ল্যান্ট’-এ কথিত বিদেশি বা চীনা বিনিয়োগ হিসেবে দেশে ফেরত আনা হয়। দুদকের মানি লন্ডারিং মামলাতেও অর্থ পাচারের অন্যতম মাধ্যম হিসেবে অ্যাগ্রোকর্পের নাম উঠে এসেছে।
অর্থনীতিবিদদের বিস্ময় ও সংশ্লিষ্টদের নীরবতা
অর্থ পাচারে অভিযুক্ত একটি প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর কাজ তুলে দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “এস আলমের সঙ্গে কাজ করেছে এবং যাদের বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, এমন একটি বিতর্কিত কোম্পানিকে সরকার কেন গম কেনার কাজ দিল তা বোধগম্য নয়। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার কথা ছিল, অথচ উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে।”
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এম ইমদাদুল ইসলাম জানান, এস আলমের সঙ্গে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে, মার্কিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ই-মেইল পাঠানো হলে অক্টোবরের শেষ দিকে ‘লুইস ড্রেফাস’ নামের একটি মার্কিন কোম্পানিকে প্রক্রিয়ায় যুক্ত করা হয়।
তবে শেষ পর্যন্ত বাকি ২ লাখ ৬০ হাজার টন গমের কার্যাদেশও নিয়ম ভেঙে অ্যাগ্রোকর্পকেই দেওয়া হয়েছে। সংসদের চলমান অধিবেশনেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি; এমনকি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়িত্বশীল নেতারাও বিষয়টি এড়িয়ে গেছেন।
বিশ্লেষকদের মতে, কৌশলগত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপচয়ের পাশাপাশি পুরোনো অর্থ পাচারকারী সিন্ডিকেটগুলোই নতুন করে সক্রিয় হওয়ার সুযোগ পাবে। তথ্যসূত্র: ঢাকা পেপার্স ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৬ নভেম্বর ২০২৬