জাপানে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ

◉ ৫ বছরে ৮ লাখ কর্মী নেবে দেশটি, প্রস্তুতি নিন এখনই

◉ ১৬ খাতে দক্ষ কর্মী খুঁজছে জাপান: বিনা খরচে যাওয়ার সুযোগ 

◉ পরিবহন ও রেলওয়েসহ নতুন চার খাতে জাপানে যাওয়ার পথ উন্মুক্ত

➤ তীব্র জনশক্তি সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের জন্য দরজা আরও প্রশস্ত করেছে অর্থনৈতিক পরাশক্তি জাপান। ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত পাঁচ বছরের এই মেয়াদে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৮ লাখ ২০ হাজার দক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

‘স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার’ (SSW) বা নির্দিষ্ট দক্ষ কর্মী ভিসার আওতায় এই বিশাল সুযোগ তৈরি হয়েছে। সরকারের নীতিনির্ধারক ও জনশক্তি খাতের লক্ষ্য, এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত ১ লাখ কর্মী জাপানে পাঠানো।

১৬ খাতে কাজের সুযোগ, নতুন যুক্ত চার খাত

পূর্বে জাপানে ১২টি খাতে বিদেশি কর্মী নিয়োগ করা হলেও তা বাড়িয়ে বর্তমানে ১৬টিতে উন্নীত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া চারটি খাতের মধ্যে রয়েছে সড়ক পরিবহন (বাস, ট্রাক ও ট্যাক্সিচালক), রেলওয়ে, বনায়ন এবং কাঠশিল্প। শুধু পরিবহন খাতেই প্রায় ২৪ হাজার ৫০০ জন চালক নেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।

এছাড়া প্রচলিত খাতগুলোর মধ্যে রয়েছে।

  • কেয়ারগিভিং: বয়স্ক ও অসুস্থদের সেবাযত্ন।
  • কৃষি ও নির্মাণশিল্প: আধুনিক কৃষি খামার ও কনস্ট্রাকশন কাজ।
  • জাহাজ নির্মাণ: মেরিন ও শিপইয়ার্ড সংক্রান্ত কারিগরি কাজ।
  • হোটেল-রেস্তোরাঁ ও খাদ্য প্রস্তুত শিল্প: হসপিটালিটি এবং ফুড প্রসেসিং সেক্টর।
    সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর
    আবেদনের শর্ত ও প্রয়োজনীয় প্রস্তুতি

জাপানে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নে ইচ্ছুক প্রার্থীদের মূলত দুটি প্রধান শর্ত পূরণ করতে হবে—ভাষাগত দক্ষতা এবং নির্দিষ্ট কাজের কারিগরি পারদর্শিতা।

১. বয়সসীমা: আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। 

২. ভাষা দক্ষতা: জাপানি ভাষার ওপর ন্যূনতম জেএলপিটি এন-৪ (JLPT N4) অথবা জেএফটি-বেসিক (JFT-Basic) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। 

৩. কারিগরি দক্ষতা: যে নির্দিষ্ট খাতে (যেমন ড্রাইভিং, কেয়ারগিভিং বা কৃষি) যেতে ইচ্ছুক, সংশ্লিষ্ট খাতের প্রমিত দক্ষতা পরীক্ষায় পাস করতে হবে।

স্বল্প খরচে প্রশিক্ষণ ও যাতায়াতের উপায়

সাধারণত জনশক্তি রপ্তানিতে দালালের দৌরাত্ম্য ও অতিরিক্ত খরচের অভিযোগ থাকলেও জাপানের ক্ষেত্রে সরকারি মাধ্যমগুলো বেশ সুসংগঠিত। দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে স্বল্প খরচে জাপানি ভাষা ও পেশভিত্তিক কাজের প্রশিক্ষণ নেওয়া সম্ভব।

প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরকারের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল (BOESESL), বিএমইটি (BMET) কিংবা সরকার অনুমোদিত নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ন্যূনতম বা বিনা খরচে জাপানে যাওয়ার আবেদন করা যায়। 

মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সম্পূর্ণ বৈধ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় প্রস্তুতি নিলে লাখো তরুণের জন্য জাপান হতে পারে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার ঠিকানা। ◉ 

নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ১২ নভেম্বর ২০২৬