➤ জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার জন্য ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় নির্ধারিত শ্রেণির গ্রাহকেরা বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস।বাংলাদেশ সংবাদ
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাতের উন্নয়নে ৯ নভেম্বর এ স্কিম হালনাগাদ করা হয়। এফআইডি সার্কুলার নম্বর-০২-এর মাধ্যমে স্কিমটি হালনাগাদ করা হয়েছে। এর মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেটের মাধ্যমে গ্রাহকেরা দ্রুত ঋণ নিতে পারবেন।
এ স্কিমে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, দুর্গম এলাকার বাসিন্দা ও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ। এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা অগ্রাধিকার পাবেন।
গ্রাহক পর্যায়ে বার্ষিক সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফায় এ ঋণ দেওয়া হবে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ সংবাদ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ঋণ সহায়তা উপকারভোগীদের আয়বর্ধক কার্যক্রম বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়বে। এর মাধ্যমে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৫ নভেম্বর ২০২৬