➤ গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় হামলার দাবি করে তিনি বলেন, এতে ব্যাংকটির লাখো নারী ঋণগ্রহীতার নিরাপত্তা ও জীবিকা হুমকির মুখে পড়েছে।নতুন ভাষা শিখুন
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
বিবৃতিতে ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হওয়া তার পৈতৃক বাড়িকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সেই বাড়িতে বর্তমানে তার দুই ছোট ভাই পরিবারসহ বসবাস করেন।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বিভ্রান্তি নাকচ করে তিনি বলেন, ব্যাংকটি তার মালিকানাধীন বা পরিচালনাধীন নয়; এমনকি এর কোনো শেয়ারও তার নেই। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ব্যাংকটির পরিচালনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি জানান, ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং এই ঋণগ্রহীতারাই ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক; বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর ও ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তির বছরে এমন হামলাকে দরিদ্র নারীদের স্বনির্ভরতার ওপর আঘাত হিসেবে অভিহিত করেন ড. ইউনূস।নতুন ভাষা শিখুন
ইউনূস জানান, নিরাপত্তা চেয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে দেশ-বিদেশের সচেতন মহল ও আন্তর্জাতিক সমর্থকদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি। ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ২৩ নভেম্বর ২০২৬