উত্তপ্ত গোপালগঞ্জ
◉ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও পুলিশ সদস্যের ওপর হামলা-অগ্নিসংযোগ
◉ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে এপিসি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার: নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান
➤ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে মাঠে নামানো হয়েছে সাঁজোয়া যান বা আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে।
ড্রোন ও বডি ওর্ন ক্যামেরায় লাইভ মনিটরিং
নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পুরো এলাকার লাইভ ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও পুলিশ সদস্যের ওপর হামলা
এদিকে নিরাপত্তা জোরদারের ঠিক আগমুহূর্তে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তত আটজন বিএনপি নেতার বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন জানান, রবিবার বিকেলে ১৫০ থেকে ২০০ জনের একটি দল মাইকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাজিয়ে এলাকায় মহড়া দেয়।
সন্ধ্যার পর তারা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমনকি তার পাকা বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান জানান, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করা হয় এবং অগ্নিসংযোগ করা হয়। এছাড়া তার ভাইয়ের দোকান থেকে ১০টি ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী লুট করা হয়।
পুলিশ সদস্যের ওপর হামলা ও ফায়ার সার্ভিসের গাড়ি আটকে বাধা
সহিংসতার এই ঘটনায় গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীও হামলার শিকার হয়েছেন। টুঙ্গিপাড়া কলেজ রোড এলাকায় দায়িত্ব পালনকালে তার ওপর এই হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ইসকান্দার শেখ জানান, রবিবার রাতে ১২ থেকে ১৫টি স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে একই সময়ে একাধিক স্থানে ঘটনা ঘটায় সব জায়গায় তাৎক্ষণিকভাবে পৌঁছানো সম্ভব হয়নি।
পৌর বিএনপির সভাপতির বাড়িতে আগুন নেভাতে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন হামলাকারী ফায়ার সার্ভিসের গাড়ি আটকে বাধা দেয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় বাজারের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। এছাড়া গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার খবর পেলেও সেখানে যাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিএনপি নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে। জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবির টহল বাড়ানোর পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৬ নভেম্বর ২০২৬