➤ নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আলোচনা চলার মধ্যেই শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন পোশাকশিল্পের মালিকরা। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ থাকলে ‘কাজ না করলে মজুরি নেই’ নীতি কার্যকরের ঘোষণাও দিয়েছেন তারা।

শনিবার উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে এক হাজারের বেশি কারখানার মালিকদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

মালিকপক্ষের এই হুঁশিয়ারির দিনও সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, যেখানে প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অস্থিরতার কারণে শনিবার আরও ৯২টি কারখানায় উৎপাদন চালানো সম্ভব হয়নি।

শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, বেআইনি ধর্মঘট বা শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানালে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে পারে এবং এই সময়ের জন্য শ্রমিকদের মজুরি দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকে না।


সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘নতুন করে কতটি কারখানা বন্ধ হবে, তা এখনই বলা যাচ্ছে না। প্রতিটি কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা। এর ঠিক আগে কারখানা বন্ধের এই হুঁশিয়ারি মজুরি আলোচনা ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি করল। মাহমুদ হাসান খান সতর্ক করে আরও বলেন, শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে বিজিএমইএর নেতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১ নভেম্বর সরকার দ্রুত মজুরি বোর্ড গঠন করে, যার অধীনে নতুন মজুরি কাঠামো আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হওয়ার কথা। এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।

কারখানা বন্ধ থাকলে, কাজ না করলে বেতন নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা
তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলেও অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভ ও কর্মবিরতি থামছে না। মালিকদের ভাষ্যমতে, কিছু কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও উৎপাদনে অংশ নিচ্ছেন না। এতে কর্মদিবস নষ্ট হওয়ার পাশাপাশি সময়মতো রপ্তানি পণ্য জাহাজীকরণ ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

মজুরি নিয়ে শ্রমিকদের প্রত্যাশা ও মালিকদের সক্ষমতার মধ্যে বড় ব্যবধানের কথা তুলে ধরে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম টাইমসকে বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা হলে তা কারখানাগুলোর পক্ষে বহন করা অসম্ভব।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশে একজন স্নাতক টেক্সটাইল ইঞ্জিনিয়ারও কারখানায় চাকরি শুরু করেন মাসে ২০ হাজার টাকা বেতনে। সেখানে একজন অনভিজ্ঞ শ্রমিককে মালিক কীভাবে এত টাকা বেতন দেবেন?’

হাতেম জানান, ২০১৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৫ হাজার ৩০০ টাকা, যা ২০১৮ সালে ৮ হাজার এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক দশকে মজুরি বেড়েছে প্রায় ১৩৬ শতাংশ, যা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হারের–১০০ থেকে ১৪০ শতাংশ–প্রায় সমান।

তার দাবি, ইস্পাত ও জাহাজভাঙা শিল্প ছাড়া দেশের আর কোনো খাতেই এত ন্যূনতম মজুরি নেই। তা ছাড়া পোশাক খাতের মাত্র ১৭ শতাংশ শ্রমিক ন্যূনতম মজুরি পান; অভিজ্ঞ মেশিন অপারেটররা নিয়মিত ইনক্রিমেন্টসহ মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করেন।


বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের অভিযোগ, অধিকাংশ শ্রমিক কাজে ফিরতে চাইলেও বহিরাগতদের উসকানি ও হামলার কারণে তারা কারখানায় ঢুকতে পারছেন না। মজুরি বোর্ড গঠনের পরও কেন আন্দোলন চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজিএমইএ সভাপতি।

এর আগে গত ৪ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, এই সহিংসতা নিছক শ্রমিক আন্দোলন নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী, কতিপয় কারখানার মালিক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে বহিরাগতদের দিয়ে কারখানায় হামলা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

চলমান অচলাবস্থা নিরসনে শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে পাঁচটি শ্রমিক সংগঠনের জোট উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। জোটের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি মীর আবুল কালাম আজাদ শ্রমিকদের বহিরাগতদের উসকানিতে পা না দেওয়ার সতর্কবার্তা দিয়ে বলেন, কারখানা বন্ধ বাড়লে সংকট আরও গভীর হবে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। পাশাপাশি শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।

সোমবারের মজুরি বোর্ডের বৈঠকের আগে নতুন করে কারখানা বন্ধ হলে শ্রমিকদের আয় যেমন অনিশ্চয়তায় পড়বে, তেমনি নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য সরবরাহ করাও কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন কারখানার মালিকদের নেতারা। ◉ 

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৫ নভেম্বর ২০২৬