➤ একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অথচ নীরব মহামারীর নাম মানসিক স্বাস্থ্য সংকট। আপনার পাশের মানুষটি হয়তো বাইরে থেকে প্রাণখুলে হাসছেন, কারণে-অকারণে উচ্ছ্বাস ছড়াচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটিই হয়তো ডুবে আছেন তীব্র হতাশা ও একাকীত্বে।
দীর্ঘমেয়াদী এই হতাশাই একসময় রূপ নেয় ভয়াবহ মানসিক অসুস্থতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি সাতজনে একজন মানুষ মানসিক অসুস্থতায় ভুগছেন। আর বাংলাদেশের ক্ষেত্রে এই চিত্র আরও উদ্বেগজনক; দেশে প্রতি পাঁচজনে একজন কোনো না কোনো মানসিক সমস্যার শিকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কেবল দক্ষিণ এশিয়া অঞ্চলেই অন্তত ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত, যা এই অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ। শরীরের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে যেমন দ্রুত চিকিৎসার মাধ্যমে তা নিরাময় করা সম্ভব, তেমনি মনের ক্ষত সারাতেও প্রয়োজন সঠিক পরিচর্যা ও চিকিৎসা।
কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশসহ গোটা দক্ষিণ এশিয়াতেই মানসিক স্বাস্থ্যসেবার অবকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য।
যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব অত্যন্ত প্রকট, সেখানে সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন বিপন্ন কারও মানসিক সমস্যা সমাধানের প্রথম আশ্রয়, আর ঠিক এখানেই কার্যকর ভূমিকা রাখছে ‘মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ বা প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা।
এ বিষয়ে ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার আগে আক্রান্ত মানুষটির মনের কথা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কারও কথা ঠিকভাবে শোনা এবং প্রাথমিক মানসিক সহায়তা দেওয়ার জন্য সাধারণ মানুষেরও কিছু মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
মানসিক স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে শুরুতেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. শাহানা পারভীন মনে করেন, মানসিক সমস্যা খুব গভীরে চলে যাওয়ার আগেই যদি প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত করা যায় এবং পাশে দাঁড়ানো যায়, তবে আত্মহননসহ যেকোনো বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব।
পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীদের একটুখানি সহানুভূতি ও প্রাথমিক মানসিক সহায়তাই পারে একজন হতাশাগ্রস্ত মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৯ নভেম্বর ২০২৬