দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে এক দিনে মৃত্যুর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৫ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন,
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ১৯৯ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেটে ১৮ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১,৯৬৪ জন।
মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী ।
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে ১ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৮ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ১৬৪ , চট্টগ্রামে ২৭৩ , বরিশালে ১২৩, ময়মনসিংহে ৮৫, খুলনায় ১১১ এবং রংপুরে ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।
নিউজ নাউ বাংলা/ এমআরকে/ জেডআরসি/ ০৬ অক্টোবর ২০২৬