ডেঙ্গু ও হাম উপসর্গে রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৭৩ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে চারজনের মৃত্যু এবং নতুন ২ হাজার ১৯৩ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০৩ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ৬৯ জন।
অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ৭ জনের মৃত্যু এবং ৯৩ জনের নিশ্চিত সংক্রমণসহ ১ হাজার ১৮০ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১ হাজার ৩০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৩, খুলনায় ৩০৪, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, ময়মনসিংহে ৭০, রংপুরে ৮৪ ও সিলেটে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে খুলনার দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছেন। অন্যদিকে হামে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে সিলেটে তিনজন ও সুনামগঞ্জে দুজন রয়েছেন।
বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ১১ অক্টোবর ২০২৬