আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে দুবার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ।
মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও দ্রুত নিষ্পত্তিসহ সার্বিক পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
জানা যায়, চলতি বছরের মে মাসে বিজয়নগর থানায় ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ আহসান উল্লাহ। যোগদানের পর থেকেই মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত বলিষ্ঠ ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বিজয়নগর থানার মাহবুব এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে একই থানার গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন। জেলা পর্যায়ে বিজয়নগর থানার এমন সাফল্যে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এদিকে, মাত্র চার মাসের মধ্যে দুবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আহসান উল্লাহ ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছেন বিজয়নগরবাসীসহ স্থানীয় সচেতন মহল।
সাধারণ মানুষের প্রত্যাশা— মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশি এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজ নাউ বাংলা/ এজেসি/ জেডআরসি/ ২৮ সেপ্টেম্বর ২০২৬