➤ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক মামুনুর রশীদ। চার দিন হলো তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা তুলনামূলক ক্রিটিকাল।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মামুনুর রশীদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশন) হারুন-অর-রশীদ। তিনি বলেন, আজ তাকে মাইল্ড ভেন্টিলেশনে আনা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। আমরা তার শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করি।
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল মামুনুর রশীদকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে।
ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এরপর আবার অভিনয়েও ফিরেছিলেন।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে সেই আগ্রহের শুরু।
পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৬০-এর দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটকের নাম ‘চেনামুখ’।
স্বাধীনতার পর নাট্যচর্চাকে আরও বিস্তৃত করতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন মামুনুর রশীদ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন তিনি। তথ্যসূত্র; চ্যানেল আই ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ২৫ নভেম্বর ২০২৬