➤ সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ আয়োজন, আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।
রবিবার (০৮ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফসিউর রহমান হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য মাহবুব খান বাবুল, পাক্ষিক অপরাধপত্রের সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ভোরের দর্পণের নবীনগর প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং দৈনিক বাংলার নবীনগর প্রতিনিধি জামাল হোসেন পান্না।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সোহেল রানা ও সুজন সরকার। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৯ নভেম্বর ২০২৬