➤ কর্মীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ, দক্ষতা বিকাশের সুযোগ ও উন্নত কর্মসংস্কৃতির স্বীকৃতি পেল মেটলাইফ। ফরচুন ম্যাগাজিনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকায় এবার ১৩তম স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠান।

নিজ খাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি টানা তৃতীয়বারের মতো এ মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে মেটলাইফ।

কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি তাদের যোগ্যতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে মেটলাইফ। কর্মীরা যেন নিজেদের সেরাটা দিতে পারেন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন, সে ধরনের ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার।

মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশেল খালাফ বলেন, কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিদিন লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে।


তিনি আরও বলেন, মেটলাইফের নতুন কৌশলগত পরিকল্পনা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও সহকর্মী উভয়ের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।

ফরচুনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকাটি তৈরি করে ম্যাগাজিনটির গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’। কর্মীদের গোপন মতামত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ তালিকায় প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করা হয়।

এ তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠানকে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফায়েড’ স্বীকৃতিপ্রাপ্ত হতে হয়। পাশাপাশি বিশ্বজুড়ে অন্তত পাঁচ হাজার কর্মী থাকা এবং ২০২৫ সাল বা ২০২৬ সালের শুরুর দিকে অন্তত পাঁচটি আঞ্চলিক ‘সেরা কর্মস্থল’ তালিকায় স্বীকৃতি পাওয়ার শর্ত রয়েছে।

নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কর্মপরিবেশের মান বিবেচনা করে চূড়ান্ত তালিকায় অবস্থান নির্ধারণ করা হয়। ◉ 

নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৮ নভেম্বর ২০২৬