ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আসিফ (১৮)।
দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে ওসি আব্দুল হালিম জানান, রংপুর থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এতে আসিফ ও সৌরভ নামে দুজনের মৃত্যু হয়।

চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ৪ হাজারের বেশি প্রাণহানি হয়েছে। জাতীয় পরিসংখ্যানেও প্রাণহানির ধারাবাহিকতা স্পষ্ট।
বিআরটিএর হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ২৮৫টি দুর্ঘটনায় ৪ হাজার ১৫৭ জন নিহত হয়েছেন। দৈনিক গড়ে প্রায় ১৫ জন। আগের বছরের একই সময়ে নিহতের সংখ্যা ছিল ৪ হাজার ১৫০। অর্থাৎ নথিভুক্ত প্রাণহানিতে কার্যত উন্নতি হয়নি।
মোটরসাইকেলের ঝুঁকিও আলাদা গুরুত্ব দাবি করে। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, চলতি বছরের সেপ্টেম্বরেই ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন।
তাঁদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৯ জন—মোট নিহতের প্রায় এক-তৃতীয়াংশ। গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারানোকে অধিকাংশ দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থার ওপর জোর দিয়েছেন বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ। গণমাধ্যমকে তিনি বলেন, আইন প্রণয়নের পাশাপাশি কার্যকর প্রয়োগ, গতি নিয়ন্ত্রণ, নিরাপদ যানবাহন, চালকের যোগ্যতা ও দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাকে একসঙ্গে গুরুত্ব দিতে হবে।
নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ এজেসি/ জেডআরসি/ ২৪ অক্টোবর ২০২৬