সিনেমার চেয়েও রোমাঞ্চকর বাস্তব

  • ঢালিউডের বিতর্কিত নায়িকা নাকি ভারী ইস্যু আড়ালের হাতিয়ার?
  • ধর্ষণচেষ্টার অভিযোগ থেকে আদালত প্রাঙ্গণে হাতাহাতি 

➤ এক যুগের অভিনয় জীবন, হাতে গোনা কয়েকটি সিনেমা, অথচ তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে। ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি যেন বাস্তব জীবনেও এক জীবন্ত সিনেমা। ক্যারিয়ারের শুরু থেকেই প্রশংসা, সমালোচনা আর বিতর্কের দোলাচলে আটকে আছেন তিনি। 

তবে সম্প্রতি তার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড জন্ম দিচ্ছে নতুন এক প্রশ্নের—পরীমনিকাণ্ড কি নিছকই কাকতালীয়, নাকি দেশের অন্য কোনো বড় ইস্যু আড়াল করার পরিকল্পিত কৌশল?

সিনেমার মতোই যার জীবনের চিত্রনাট্য 

পরীমনির জীবনের গল্প কোনো ট্র্যাজিক সিনেমার চেয়ে কম নয়। ১৯৯২ সালের ২৪ অক্টোবর পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্ম নেওয়া শামসুন্নাহার স্মৃতি (পরী) মাত্র তিন বছর বয়সে আগুনে পুড়ে মাকে হারান। এরপর ২০১২ সালে পুলিশ কনস্টেবল বাবার অপমৃত্যুর পর নানা বাড়িতেই বেড়ে ওঠেন তিনি। নাচ শেখার উদ্দেশ্যে ঢাকায় এসে মডেলিংয়ের মাধ্যমে শুরু করেন ক্যারিয়ার।

২০১৫ সালে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন তিনি। তবে অভিষেকের আগেই ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ঢালিউডে এক বিস্ময়কর রেকর্ড গড়েন। 

যদিও সেই সিনেমাগুলোর বেশিরভাগই আলোর মুখ দেখেনি। ব্যক্তিগত জীবনেও পরপর কয়েকটি বিয়ে ও বিচ্ছেদ তাকে বারবার আলোচনার কেন্দ্রে এনেছে। সর্বশেষ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার সংসারও টিকেছে মাত্র দুই বছর।

ধর্ষণচেষ্টার অভিযোগ ও বোট ক্লাব কাণ্ড 

পরীমনির জীবনের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স শুরু হয় ২০২১ সালের জুনে। প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন করে ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি অভিযোগ করেন, ঢাকার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে এসে অঝোরে কেঁদে তিনি আবাসন ব্যবসায়ী ও বোট ক্লাবের কার্যনির্বাহী সদস্য নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ নাসিরকে গ্রেপ্তারও করে।

জেল খেটে বেরিয়েও বিতর্ক পেছন ছাড়েনি নায়িকার
মাদক মামলা ও সাকলায়েন অধ্যায় 

ধর্ষণচেষ্টার ঘটনায় যখন পুরো দেশ পরীমনির প্রতি সহানুভূতিশীল, ঠিক তখনই ৪ আগস্ট রাতে তার বনানীর বাসায় আকস্মিক অভিযান চালায় র‍্যাব। বাসা থেকে বিদেশি মদ ও মাদক উদ্ধারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ২৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে হুড খোলা গাড়িতে ভক্তদের অভিবাদন জানানোর সময় তার হাতে লেখা "ডোন্ট লাভ মি বিচ" বার্তাটি দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।

এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। কারণ, বোট ক্লাব মামলার তদারকির দায়িত্বে থাকা ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সঙ্গে পরীমনির অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। 

তদন্তে প্রমাণিত হয়, র‍্যাবের অভিযানের তিন দিন আগে সাকলায়েন পরীমনির বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছিলেন। এই অপরাধে সাকলায়েনকে শেষ পর্যন্ত চাকরি হারাতে হয়।

আদালতে বাদানুবাদ ও ‘হাতিয়ার’ হওয়ার গুঞ্জন 

এদিকে জামিনে মুক্ত হয়ে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ পরীমনির বিরুদ্ধে বোট ক্লাবে ভাঙচুর ও হামলার পাল্টা মামলা করেন। সেই মামলার শুনানিতে বারবার অনুপস্থিত থাকায় সম্প্রতি পরীমনির বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 

পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর বের হওয়ার সময় এক সাংবাদিকের ওপর চড়াও হন তিনি। ‘অযাচিত স্পর্শের’ (ব্যাড টাচ) অভিযোগ তুলে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ তার পাশে দাঁড়ালেও অনেকেই এই ঘটনাকে ‘টক অব দ্য কান্ট্রি’ বানানোর সুপরিকল্পিত কৌশল হিসেবে দেখছেন।

অনেকেরই সন্দেহ, যখনই দেশে কোনো ভারী রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যু (যেমন- শ্রমিক আন্দোলন, গ্যাসের মূল্যবৃদ্ধি) মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই পরীমনিকাণ্ডের মতো ঘটনা সামনে আসে। 

কবি ও সাংবাদিক ব্রাত্য রাইসু ২০২১ সালেই ইঙ্গিত দিয়েছিলেন যে, "পুরো ঘটনাটাই শো-অফ। পাবলিককে বোকা বানানোর জন্য তাকে ব্যবহার করা হচ্ছে। যখনই ভারী ইস্যু সামনে আসবে, তখনই তিনি আবার গ্রেপ্তার হবেন।"

হালের বিতর্কিত নায়িকা পরীমণি
মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি জমজমাট অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।  রবিবার (০৭ নভেম্বর) মধ্যরাতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পরই ফেসবুক লাইভে এসে চরম ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

রবিবার মধ্যরাতে গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী চলা ওই অনুষ্ঠানের শেষ দিন ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার মুহূর্তে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  ফেসবুকে লাইভে এসে পরীমনি দাবি করেন, পুরো অনুষ্ঠান সফলভাবে শেষ হলেও বের হওয়ার সময় পরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

তিনি অভিযোগ করে বলেছেন, অনুষ্ঠান চলাকালীন তাকে পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে দেওয়া হয়নি।  তবে ঘটনার বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানে সামান্য একটি সমস্যা তৈরি হয়েছিল, তবে পরীমনি নিরাপদে সেখান থেকে চলে গেছেন এবং বর্তমানে বড় ধরনের কোনো ঝামেলা নেই।

শেষ পরিণতি কী? 

ব্রাত্য রাইসুর সেই পুরোনো পোস্ট নতুন করে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা প্রশ্ন তুলছেন—পরীমনি কি সত্যিই ক্ষমতাসীনদের ইস্যু ঘোরানোর কোনো খেলার হাতিয়ার?

শৈশব থেকে ট্র্যাজেডি আর ক্লাইম্যাক্সের মধ্য দিয়ে যাওয়া পরীমনির জীবনের গল্পটা কোথায় গিয়ে থামবে? সিনেমার নায়িকার এই বাস্তব জীবনের চিত্রনাট্য কি শেষ অধ্যায়ে এসে ট্র্যাজেডি হবে, নাকি কমেডিতে রূপ নেবে—তা হয়তো সময়ই বলে দেবে। 

তবে আপাতত ‘পরীমনিকাণ্ড’ দেশের মূল সংকটগুলো আড়াল করার এক মোক্ষম ঢাল হিসেবেই কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ◉ 

নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৯ নভেম্বর ২০২৬