➤ বর্ষিয়ান সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার ও বরখাস্তকৃত সাংবাদিকদের সসম্মানে পুনর্বহালের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন করেছে ‘প্রবাসী সাংবাদিক ফোরাম’।
শনিবারের (৭ নভেম্বর) ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন। মানববন্ধনে সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক পিনাকি তালুকদার।
বাংলাদেশে গণমাধ্যমের ওপর অঘোষিত দমন-পীড়নের ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, কক্ষপথ-৭১’র পক্ষ্য থেকে এডভোকেট মিয়া জাকির, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, কম্যুনিটি সংগঠক মোজাহিদ আনসারী, সোলায়মান আলী, এডভোকেট সোনিয়া সুলতানা, শেখ আবিদ হোসেন, পলাশ নন্দী, মিনহাজ সাম্মু প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার আসামি করার হুমকি দেওয়া হচ্ছে। ফলে কেউই সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সক্ষম হচ্ছেন না। এর ফলে বাংলাদেশে অন্যায়-অবিচার লাগামহীনভাবে বেড়েছে। ভিন্নমত পোষণকারিরা মবের শিকার হচ্ছেন। হত্যার ঘটনাও ঘটছে সর্বত্র। যার সর্বশেষ নজির হলেন ইকবাল সোবহান চৌধুরী। তাকেও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে নেওয়া হলো।
সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের নিয়ে বাংলাদেশে গণমাধ্যমের ওপর চলমান দমন-পীড়নের আলোকে একটি আন্তর্জাতিক সেমিনারের প্রস্তাব পেশ করেছেন। তা না হলে বাংলাদেশে অমানবিক পরিস্থিতি রুখে দেওয়া কঠিন হয়ে পড়বে। ◉
নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ০৮ নভেম্বর ২০২৬