ঢাকা: মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশন’ (Inspire Bangladesh Foundation)-এর আনুষ্ঠানিক অভিষেক। 

অরাজনৈতিক ও অলাভজনক এই সামাজিক সংগঠনটি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। ২০২৬ সালে সরকারি নিবন্ধন লাভের পর ফাউন্ডেশনটি তাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শিরিন আকতার। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুষ্ঠানে ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের (আইবিএফ) অভিষেক অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দ নীলোর্মি।  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিশিং, প্রিন্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ আলী, ঢাকার ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা নাহিদ সালমা কচি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহমুদা আকতার মুকুল সংগঠনটির যাত্রার বিষয়ে বলেন, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই Inspire Bangladesh Foundation-এর পথচলা। একটি সুন্দর সমাজ গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মানবিক দায়িত্ব পালন করা প্রয়োজন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি শিরিন আকতার সংগঠনের মূল দর্শনের ওপর জোর দিয়ে বলেন, ‘People Before Position’—এটি শুধু আমাদের স্লোগান নয়, এটি আমাদের কাজের দর্শন। পদ বা পরিচয়ের আগে আমরা মানুষের মর্যাদা, প্রয়োজন ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

‘People Before Position’ এবং ‘Together for Humanity, Together for Change’—এই আদর্শকে ধারণ করে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।

নিউজ নাউ বাংলা/ এফওয়াই/ জেডআরসি/ ২৬ সেপ্টেম্বর ২০২৬