তৃণমূলে ঐক্যের নতুন কৌশল
◉ স্থানীয় সরকার নির্বাচন ও নাশকতা মোকাবিলায় বহিষ্কৃতদের ফেরানোর উদ্যোগ: নড়েচড়ে বসেছে বিএনপির হাইকমান্ড
◉ বিদ্রোহীদের প্রভাব কমাতে ও কোন্দল মেটাতে মাঠে বিএনপি: মনিরুলের পর আলোচনায় নিরব ও ফরহাদ ইকবাল
➤ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাঁদের সমর্থন দেওয়ার দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।
তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা, স্থানীয় কোন্দল নিরসন এবং দলকে ঐক্যবদ্ধ করতেই এই পদক্ষেপ নিচ্ছে দলটির হাইকমান্ড। বিশেষ করে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাঁদের শিগগিরই কেন্দ্র থেকে চিঠি দেওয়া হবে।
পাশাপাশি বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেওয়া বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। তবে প্রত্যেকের অতীত রাজনৈতিক ভূমিকা, আনুগত্য, সাংগঠনিক অবদান এবং স্থানীয় বাস্তবতা যাচাই-বাছাই করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মনোনয়ন বিদ্রোহ, বিভক্তি ও নির্বাচনের চিত্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। বহিষ্কৃত হলেও তাঁদের অনেকের স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রভাব ও অনুসারী রয়ে গেছে। ফলে দলীয় কর্মসূচি পৃথকভাবে পালিত হচ্ছে; যার সর্বশেষ প্রকাশ দেখা গেছে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে।

এ ছাড়া আলোচনায় থাকা অন্য বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন তাইফুল ইসলাম টিপু, হাসান মামুন, সাইফুল আলম নিরব, সাইফুল ইসলাম ফিরোজ, শহীদ মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তরুণ দে এবং মামুনুর রশীদ (চাকসু মামুন)।
মনিরুলকে পুনর্বহাল ও প্রত্যাবর্তনের বার্তা
বহিষ্কৃতদের ফেরানোর প্রক্রিয়া ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। নড়াইল-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়।
অন্যদিকে, গত ৭ নভেম্বর রাজধানীতে শোভাযাত্রার সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে ডেকে কাছে নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নিরব জানান, পদ-পদবি বা বহিষ্কারাদেশ যাই হোক, তিনি দলের আদর্শ নিয়েই কাজ করছেন এবং আশা করেন দল বিষয়টি বিবেচনা করবে। টাঙ্গাইল জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালও দীর্ঘ প্রায় ৪০ বছরের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে দ্রুত দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন।
হাইকমান্ডের যুক্তি ও স্থানীয় বাস্তবতা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা ও অপরাধের মাত্রা বিবেচনায় চেয়ারম্যান তারেক রহমান বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছেন।
সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেন, কেবল সংখ্যা নয়, অতীত অবদান বিশ্লেষণ করে দলকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলের কোন্দল ও সম্ভাব্য বিদ্রোহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে দলটি।
পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা মোকাবিলায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাও এই পুনর্বিন্যাসের অন্যতম লক্ষ্য। এখন দেখার বিষয়, কেন্দ্রের এই সমঝোতা ও পুনর্বাসন উদ্যোগ তৃণমূলের বিভক্তি কতটা কার্যকরভাবে নিরসন করতে পারে। ◉
নিউজ নাউ বাংলা/ কেএসসি/ এফওয়াই/ এমআরকে/ ১৯ নভেম্বর ২০২৬