প্রতারণা ও জিম্মি করে অর্থ আদায়

◉ লিবিয়ায় মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত পরিবার

 ◉ নাটোর থেকে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করল সিআইডি

➤ বুকের ধন সন্তানকে বিদেশে পাঠিয়ে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুনেছিলেন ৭০ বছর বয়সি বৃদ্ধ বাবা আব্দুস সামাদ। কিন্তু সেই স্বপ্নই একসময় রূপ নেয় নির্মম দুঃস্বপ্নে। লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হওয়া ছেলেকে মুক্ত করতে কয়েক দফায় ৫ লাখ টাকা পরিশোধ করেও মেলেনি কোনো সন্ধান। 

উল্টো আরও ৪২ লাখ টাকা দাবি করে চক্রটি। শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে আইনের আশ্রয় নেওয়া এই বাবার মামলার তদন্তে নেমে মানব পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রবাসজীবনের শুরু ও বিভীষিকাময় জিম্মিদশা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ৩৯ বছর বয়সি ছেলে মো. সাইফুল ইসলাম। পরিবারের আর্থিক অস্বচ্ছলতা দূর করতে প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের হাত ধরে লিবিয়ায় পাড়ি জ জমিয়েছিলেন তিনি। আশা ছিল, প্রবাসের কষ্টার্জিত অর্থে ঘুচবে অভাব।

তবে সেই আশা ধূলিস্যাৎ হয়ে যায় ২০২৫ সালের ৫ আগস্ট দুপুরে। লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, সাইফুল তাদের জিম্মি করে রাখা হয়েছে। 

তাকে জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়; অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। সাফ জানিয়ে দেওয়া হয়, মুক্তিপণের অর্ধেক টাকা না দিলে সাইফুলের সঙ্গে পরিবারের কারও কথা বলতে দেওয়া হবে না।

৫ লাখ টাকা দিয়েও মিলল না মুক্তি

ছেলের প্রাণ বাঁচাতে দিশেহারা বৃদ্ধ বাবা আব্দুস সামাদ বিভিন্ন উপায়ে অর্থ জোগাড় শুরু করেন। ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অপহরণাকারীদের দেওয়া একাধিক নম্বরে কয়েক দফায় মোট ৫ লাখ টাকা পাঠানো হয়। পরিবারের ধারণা ছিল, টাকা পেলে অন্তত ছেলের সঙ্গে কথা বলা যাবে।

কিন্তু টাকা পাওয়ার পরও কথা রাখেনি প্রতারক চক্র। সাইফুলের সঙ্গে যোগাযোগ তো করানোই হয়নি, বরং সোহেল নামের আরেক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে নিজেই লিবিয়ায় গিয়ে সাইফুলকে উদ্ধারের মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় ডেকে নিখোঁজ হন। 

এরপর অন্য একটি নম্বর থেকে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল বন্দি আছেন। নিরুপায় হয়ে বাবা আব্দুস সামাদ সাফ জানিয়ে দেন, ছেলের সঙ্গে কথা না বললেই আর কোনো টাকা দেওয়া হবে না। এরপর থেকেই যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সিআইডির অভিযান ও দুই পাচারকারী গ্রেপ্তার

ছেলেকে ফিরে না পেয়ে এবং প্রতারণার শিকার হয়ে গত ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন বাবা আব্দুস সামাদ। মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডির টিএইচবি ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্য—মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানাকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিবিয়ায় সাইফুলকে জিম্মি করে অর্থ আদায়ের মূল সিন্ডিকেটের সঙ্গে জড়িত তারা। তবে লিবিয়ায় ঠিক কোন স্থানে এবং কী অবস্থায় সাইফুলকে আটকে রাখা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

অপহৃত সাইফুলের সন্ধান পেতে এবং চক্রের দেশি-বিদেশি অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে। ◉ 

নিউজ নাউ বাংলা/ এজেসি/ এফওয়াই/ এমআরকে/ ১৩ নভেম্বর ২০২৬