Monday, 28 September 2026 Breaking News
৬১ আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন বিবেচনায় নেবে ইসি

৬১ আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন বিবেচনায় নেবে ইসি

7 May 2025 · বাংলাদেশ

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের আবেদন এসেছে। আইন সংশোধনের গেজেট পেলেই সেগুলো বিবেচনায় নিয়ে কাজ শুরু করবো। বুধবার (৭ মে) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আখতার আহমেদ বলেন, আমাদের কাছে ৬১টি আসন থেকে ৪০৫টি আবেদন জমা পড়েছে। সেগুলো বিবেচনায় নিয়ে সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেবো। এক্ষেত্রে ৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানাও পরিবর্তন হবে। এতে আসন সংখ্যা কিছু বাড়তে পারে। সীমানা পুনর্নির্ধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেবো না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন জানিয়ে তিনি বলেন, আমরা আইন সংশোধনে সরকারের কাছে সুপারিশ করেছিলাম। মঙ্গলবার উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেটার গেজেট পেলেই কাজ শুরু করবো। এক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণের আইনে যেসব পন্থা আছে সেগুলোই অনুসরণ করা হবে। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি সচিব বলেন, গত ৫ মে নিবন্ধনের শেষ সময় ছিল। সর্বশেষ তথ্য পেলে জানাতে পারবো। ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে আইনে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অনেক অভিযোগ এসেছে। এক্ষেত্রে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।