Monday, 28 September 2026 Breaking News
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই

1 July 2025 · বাংলাদেশ

৪৮তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট bpsc.teletalk.com.bd -তে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৭ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ১ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, যা শেষ হয় ২৫ জুন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন।

পিএসসি জানিয়েছে, লিখিত (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা নিয়ে ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

চিকিৎসা খাতের জনবল সংকট নিরসনে সরকার এই বিশেষ বিসিএস আয়োজন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।