Monday, 28 September 2026 Breaking News
২৪ ঘণ্টায় শনাক্ত ১১২, মৃত্যু একজনের

২৪ ঘণ্টায় শনাক্ত ১১২, মৃত্যু একজনের

9 April 2020 · বাংলাদেশ

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১২ জন, যা গত দিনের থেকে দ্বিগুণেরও বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩৩০ জন। আর মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে মৃতের সংখ্যা কমেছে তবে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আগে একটি জায়গায় টেস্ট হতো, এখন ১৬ থেকে ১৭টি জায়গায় টেস্ট হচ্ছে। যেহেতু এখন টেস্টের সংখ্যা বেড়েছে, তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ সময় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯৭টি। এর মধ্যে ঢাকার ৯টি প্রতিষ্ঠানে ৬১৮টি এবং ঢাকার বাইরে ৪৭৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে তিনি পুরুষ, বয়স ৬০ বছরের বেশি এবং ঢাকার বাসিন্দা। নতুন শনাক্ত হওয়া ১১২ জনের মধ্যে পুরুষ ৭০ জন, নারী ৪২ জন। বয়সের ভিত্তিতে দেখতে গেলে ১০ বছরের নিচে রয়েছে তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০-এর মধ্যে ২৪ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ১৭ জন, ৫১ থেকে ৬০-এর মধ্যে ২৩ জন এবং ৬০ বছরের ওপরে রয়েছে ১১ জন রোগী। এ সময় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা সেখানে উপস্থিত ছিলেন