Monday, 28 September 2026 Breaking News
১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

3 December 2019 · বাংলাদেশ

মজুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছেন রাজশাহী, খুলনা, যশোর ও নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক-কর্মচারীরা। ভোর ৬টা থেকে মিলগেটে অবস্থান ও বিক্ষোভ করেন তারা। কর্মসূচি শেষ হবে আগামীকাল সকাল ৬টায়। ৯ ডিসেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে অনিদিষ্টকালের ধর্মঘটসহ অনশন কর্মসূচীর ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারিরা। রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে সকাল থেকে জুট মিলগুলোতে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। নরসিংদীর ইউএমসি জুটমিলের প্রধান ফটকের সামনে সকাল ৬টায় অবস্থান নেয় শ্রমিকরা। ধর্মঘট কর্মসূচীতে শ্রমিক নেতারা জানান, ২০১৫ সালে ঘোষণা হলেও মজুরি কমিশন বাস্তবায়ণ হয়নি। প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা শ্রমিকদের ন্যায্য দাবী। এছাড়া ১০সপ্তাহের বেতন বকেয়া রয়েছে বলেও জানান নেতারা। খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলগুলোতেও ভোর থেকেই সমাবেশ বিক্ষোভ করছে ৫০ হাজারেরও বেশি শ্রমিক। ৬ দিনের কর্মসূচির ৪র্থ দিনে যোগ দেয় ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইর্ষ্টাণ, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা। রাজশাহীতে সকাল থেকে কোন শ্রমিক কাজে যোগ না দেয়ায় বন্ধ রয়েছে সব মিলের কার্যক্রম। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে অনিদৃষ্টকালের ধর্মঘটসহ অনশন কর্মসূচী ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা।