Monday, 28 September 2026 Breaking News
হয়রানি করলে বাড়িওয়ালাদের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে: নসরুল হামিদ

হয়রানি করলে বাড়িওয়ালাদের গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে: নসরুল হামিদ

18 April 2020 · বাংলাদেশ

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসা সংশ্লিষ্ট কাউকে যদি রাজধানী ঢাকাসহ সারা দেশের কোনও বাড়িওয়ালা বা ব্যক্তি কোনও ধরনের হয়রানি করেন তবে তাদের বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের কাছে এমন হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশে করোনা যুদ্ধে যোদ্ধার মতো চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এতে অনেক চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিরা রাজধানীতে কর্মরত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী বাড়ি ছাড়ার হুমকি দিয়েছেন অনেক বাড়িওয়ালারা। নসরুল হামিদ বলেন, ‘করোনা মোকাবিলায় যারা নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসে মানুষকে সেবা দিচ্ছেন সেই চিকিৎসকদের কোনোরকম হয়রানি না করার নির্দেশ প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। এরপরও আমরা খবর পাচ্ছি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হয়রানি করছেন কিছু বাড়িওয়ালা। কেউ বাড়ি ছেড়ে দিতে বলছেন, কাউকে চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে বলছেন।’ ‘যারা এই ভয়াবহ মহামারির সময় নিজের জীবন তুচ্ছ করে লড়াই করছেন তাদের যখন অভিবাদন জানানোর কথা, সেটি না করে উল্টো হয়রানি করা হচ্ছে। এমন ধরনের বাড়িওয়ালার বিষয়ে আমাদের পরিষ্কার সতর্কবার্তা হলো, যদি কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী হয়রানির অভিযোগ করেন তাহলে ওই সব বাড়িওয়ালার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’ গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েব সাইটে দেওয়া হট লাইনে কল করে হয়রানির কথা জানাতে হবে বলেও প্রতিমন্ত্রী জানান।